চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই তৈরি পোশাক উদ্ধার, গ্রেপ্তার ৬
তৈরি পোশাক ছিনতাইচক্রের ছয় সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তারা ৪০ লাখ টাকা মূল্যের চোরাই তৈরি পোশাক উদ্ধার করেছে। বিদেশে রপ্তানির জন্য পোশাকগুলো ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়।চট্টগ্রাম নগরের পাহাড়তলী ও বায়েজিদ থানা পুলিশ গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে। গত শুক্রবার সকালে পোশাকগুলো ছিনতাই হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মোহাম্মদ রাশেদ (২৭), মোহাম্মদ শাহবুদ্দিন (৩১), মোহাম্মদ আবদুল গনি (৩২), সারোয়ার উদ্দিন (২৫), মোহাম্মদ ইব্রাহীম (২০) ও মোহাম্মদ সেলিম (২৫)। এঁদের মধ্যে গনি চোরাই মালামাল বিক্রির দালাল। চোরাই মালামালের আসল ক্রেতা দ্বীন মোহাম্মদকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠানের তৈরি পোশাক গত শুক্রবার সকালে শহরতলির পাহাড়তলী এলাকায় ছিনতাই হয়। রপ্তানির জন্য পোশাকগুলো চট্টগ্রাম বন্দরের উদ্দেশে নেওয়া হচ্ছিল। শুক্রবার ভোরে কাভার্ডভ্যানচালক পাহাড়তলী এলাকার কনটেইনার ডিপোর কাছে বিশ্রাম নিচ্ছিলেন। এ সুযোগে চালকের সহকারী গাড়ি চালিয়ে ছিনতাইচক্রের কাছে পৌঁছে দেন।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল ১০টায় কাভার্ডভ্যানসহ তৈরি পোশাক গায়েব হওয়ার খবর পুলিশ পায়। বিকেলে বায়েজিদ থানা পুলিশ শহরতলির বালুছড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পায়। এরপর দুই থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগরের বিভিন্ন জায়গা থেকে ছিনতাইচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার এবং ৪০ লাখ টাকার তৈরি পোশাক উদ্ধার করে।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ঢাকার মোহাম্মদীয়া গার্মেন্টসে তৈরি মেয়েদের ১৭ হাজার টি-শার্ট রপ্তানির জন্য কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম পাঠানো হয়। পোশাক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। প্রথমে নগরের আছাদগঞ্জ এলাকা থেকে আবদুল গনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে চান্দগাঁওয়ের একটি বাড়ি থেকে পোশাক উদ্ধার করা হয়। ওই বাড়িতে বাঁশখালীর জনৈক দ্বীন মোহাম্মদ থাকেন। তাঁর কাছে তৈরি পোশাক বিক্রি করা হয়েছিল। দ্বীন মোহাম্মদকে গ্রেপ্তার করা যায়নি।