চট্টগ্রামে ৪০ লাখ টাকার তুলা উদ্ধার গ্রেপ্তার ৩
চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়ার পথে নগরের সাগরিকা এলাকায় নেমে যান কাভার্ড ভ্যানের চালক। ওই কাভার্ড ভ্যানে ছিল ৫৬ বেল তুলা। পরে এক ব্যক্তি গাড়িটি নিয়ে উধাও হয়ে যান। সীতাকুণ্ডের লতিফপুর এলাকার একটি গুদামে তুলাগুলো লুকিয়ে রাখা হয়। পরে খালি কাভার্ড ভ্যান নিয়ে ওই ব্যক্তি ঢাকার উদ্দেশে রওনা হন। সীতাকুণ্ড থানা ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ছালামত আলী (৩০)। ছালামতের তথ্যের ভিত্তিতে পরে গ্রেপ্তার করা হয় কাভার্ড ভ্যানের চালক মাহমুদ হোসেন ওরফে মওদুদ (২৬) ও গুদামের পাহারাদার নূর কাদের (৫০)। গত সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে সীতাকুণ্ড ও নগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় চোরাই তুলা ও কাভার্ড ভ্যান। তুলার দাম প্রায় ৪০ লাখ টাকা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। তাঁরা ঘটনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে ৫৬ বেল তুলা নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়। এসব তুলার মালিক এবিআর স্পিনিং মিল নামের একটি প্রতিষ্ঠান। গত সোমবার রাত নয়টার দিকে নগরের সাগরিকা এলাকায় গাড়িটি রেখে চালক মাহমুদ হোসেন সটকে পড়েন। পরে ছালামত আলী নামের আরেক ব্যক্তি গাড়িটি নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হন। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান, কাভার্ড ভ্যান সরবরাহকারী পরিবহন ঠিকাদার মোজাদ্দেস ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষ থেকে গত সোমবার রাতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বেতারবার্তার সূত্র ধরে সীতাকুণ্ড থানার সামনে থেকে পুলিশ খালি কাভার্ড ভ্যানটি জব্দ ও ছালামত আলীকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে সিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সাগরিকা থেকে গাড়িটি চালিয়ে নিয়ে সীতাকুণ্ডের লতিফপুর এলাকার মেসার্স এসআর ট্রেডিং নামের প্রতিষ্ঠানের গুদামে তুলাগুলো লুকিয়ে রাখা হয়। ছালামতের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে চোরাই ৫৬ বেল তুলা উদ্ধার করা হয়েছে। এসব তুলার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।’ অভিযান চলাকালে পুলিশ গুদামের পাহারাদার নুর কাদেরকে গ্রেপ্তার করে। পরে ছালামতের দেওয়া তথ্যের ভিত্তিতে মাহমুদ হোসেন গ্রেপ্তার করা হয়। তবে কাভার্ড ভ্যানটির সহকারী সেলিম উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় পরিবহন-ঠিকাদার মোজাদ্দেস ট্রান্সপোর্ট এজেন্সির কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে একটি আত্মসাৎ মামলা করেছেন।