চট্টগ্রামে ৪০১ জন সংবাদপত্র বিক্রয়কর্মী রেইনকোট পেলেন
সারা দেশের হকারদের জন্য বর্ষায় প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট প্রদান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার চট্টগ্রাম নগর, সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় মোট ৪০১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এর মধ্যে সকালে নগরের কেসি দে রোড, পাহাড়তলী ও চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় রেইনকোট বিতরণ করা হয়। এরপর ভাটিয়ারী বিএমএ গেট, বার আউলিয়া, সীতাকুণ্ড, মিরসরাই ও বারৈয়ারহাটের সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। পাহাড়তলীতে ১৪৪ জন, চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় ৫৯ জন, কেসি দে রোডে ১৪৭ জন, ভাটিয়ারী বিএম গেট এলাকায় নয়জন, বার আউলিয়া এলাকায় ১২ জন, সীতাকুণ্ডে ১১ জন, মিরসরাইয়ে ২৩ জন, বারৈয়ারহাটে ৭ জনসহ মোট ৪০১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। কেসি দে রোডে রেইনকোট পান হকার আমির হোসেন (৫৫)। তিনি বলেন, ‘খুব খুশি লাগছে। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না।’ রেইনকোট বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোজাম্মেল, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) মো. মনজুর মোরশেদ, সার্কুলেশন নির্বাহী মাহবুবুর রহমান, শুভাশিষ বড়ুয়া, আবদুল্লাহ হেল রাফি ও গৌতম কুমার মণ্ডল, হিসাব নির্বাহী আশীষ দাশ, বিজ্ঞাপন কর্মকর্তা লিটন তালুকদার, সহকারী উৎপাদন নির্বাহী সঞ্জয় দাশ ও উৎপাদন সুপারভাইজার মো. আলমগীর হোসেন।