চট্টগ্রামে ৪৪৮ জন বিক্রয়কর্মী রেইনকোট পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর থেকেই আকাশের মুখ ভার। সকাল ছয়টার দিকে শুরু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিছুক্ষণ পরে মুষলধারে। বৃষ্টিতে ভিজেই পত্রিকা নিতে এসেছিলেন সংবাদপত্র বিক্রয়কর্মীরা। পত্রিকা সংগ্রহের পর সেই রেইনকোট গায়েই ফিরে গেলেন তাঁরা, মুখে লেগে ছিল হাসি। সারা দেশে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট প্রদানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পক্ষ থেকে চট্টগ্রাম নগরে দেওয়া হয় রেইনকোট। পেয়েছেন ৪৩৯ জন বিক্রয়কর্মী। এ ছাড়া গতকাল হাটহাজারীতেও রেইনকোট দেওয়া হয়। নগরের চেরাগী পাহাড় মোড়ের চট্টগ্রাম হকার্স সমিতির কার্যালয়ে এবং নাসিরাবাদ ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির কার্যালয়ে এসব রেইনকোট দেওয়া হয়। সকাল সাতটায় চেরাগী পাহাড় মোড়ে ১৯৯ জন বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হকার সমিতির নেতা মনির আহম্মদ। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মীরা খুশি। তাঁদের মধ্যে অলি আহম্মদ (৬০) বলেন, ‘৪৭ বছর ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করছি। কিন্তু কেউ কখনো একটা রেইনকোট দেয়নি। খুব ভালো লাগছে।’হকার্স সমিতির নেতা মনির আহম্মদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘হকারদের জন্য এ রকম ভালো উদ্যোগ কেউ কখনো নেয়নি। সব ভালো কাজের সাথে প্রথম আলো থাকে। আজ হকারদের পাশে দাঁড়িয়ে তারা আবারও এর প্রমাণ দিল।’পরে নগরের নাসিরাবাদ ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির কার্যালয়ে ২৪০ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট সমিতির নেতা মো. ইসহাক ও আবদুল মালেক।পরে হাটহাজারীতেও রেইনকোট দেওয়া হয়। সেখানে পেয়েছেন নয়জন বিক্রয়কর্মী। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমিনুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোজাম্মেল, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) মঞ্জুর মোরশেদসহ অন্য কর্মকর্তারা। রাঙামাটিতে পেয়েছেন ১৫ জনরাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাঙামাটি শহরের ১৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মী গতকাল রেইনকোট পেয়েছেন। দুপুরে রাঙামাটি শহরের বনরূপার প্রথম আলো কার্যালয়ে তাঁদের হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম এম জাকারিয়া।