চট্টগ্রামে ৫ ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করতে নগরের আন্দরকিল্লা থেকে জয়নগর পর্যন্ত অভিযান পরিচালনা করেছে৷ গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়৷
সিডিএর পরিদর্শক দল এ সময় পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করে৷ এ ছাড়া ব্যবহার পরিবর্তন করায় তিনটি কমিউনিটি সেন্টারকে নোটিশ দেওয়া হয়৷ এগুলো হলো প্যারাগন কমিউনিটি সেন্টার, হাফিজ পার্ক ও সাফা আর্কেড৷
সিডিএর অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, বাণিজ্যিক ব্যবহারের অনুমতি নিয়ে ভবনের মালিকেরা সেখানে কমিউনিটি সেন্টার নির্মাণ করেছেন৷ তাই তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামীম, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ঈসা আনছারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ অভিযানে সহয়তা করে নগর পুলিশ৷
এর আগে গত ৬ ও ১৯ মে নগরের চট্টেশ্বরী থেকে মেহেদীবাগ এবং চকবাজারের অলি খাঁ মসজিদ থেকে বহদ্দারহাট পর্যন্ত অভিযান চালায় সিডিএর পরিদর্শক দল৷ ওই সময় প্রায় ৫০টি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করা হয় এবং ৩০টি ভবনমালিককে নোটিশ দেওয়া হয়।