চট্টগ্রামে ৫০ শিল্পকারখানায় রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বৃহৎ ৫০টি শিল্পকারখানায় গত সোমবার সন্ধ্যা থেকে সারা রাত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এসব শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে দিনের বেলা সরবরাহ স্বাভাবিক থাকবে। সেচ মৌসুমে গ্রামাঞ্চলে অধিক হারে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পিডিবি জানিয়েছে। যে ৫০ শিল্পকারখানায় রাতে সরবরাহ বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে ৩৬টি ১১ কেভি লাইনের এবং অবশিষ্ট ১৪টিতে ৩৩ কেভি লাইনের সংযোগ রয়েছে। এই ৫০ শিল্পকারখানায় রাতের বেলা বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২১৫ মেগাওয়াট। পিডিবি সূত্রে জানা যায়, সোমবার যখন শিল্পকারখানায় সরবরাহ বন্ধ করা হয়, তখন চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ৭৩২ মেগাওয়াট। এটাই চট্টগ্রাম অঞ্চলে এযাবৎকালের সর্বোচ্চ চাহিদা। তবে চট্টগ্রামে ওই দিন বিদ্যুতের সরবরাহও ভালো ছিল। ওই দিন সরবরাহ ছিল ৫৬৬ মেগাওয়াট। এর আগে ২০১১ সালের ১৫ মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৭০৬ মেগাওয়াট এবং ২০১০ সালের ৮ জুন ছিল ৭১৩ মেগাওয়াট। এ বছর গরমের মৌসুমে বিদ্যুতের চাহিদা আরও অনেক বাড়তে পারে বলে পিডিবির কর্মকর্তারা ধারণা করছেন। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোরো মৌসুমে সেচকাজে অধিক বিদ্যুতের জোগান দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খুব স্বল্প সময়ের জন্য শিল্পকারখানায় রাতের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। হতে পারে এক মাসেরও কম। ১৫ এপ্রিলের পর এ সিদ্ধান্ত প্রত্যাহারও হতে পারে। তবে শিল্পকারখানার মালিকেরা আশঙ্কা করছেন, বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি রেওয়াজ হিসেবে চালু হলে এমন অবস্থা বারবার চলতে থাকবে। বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পিডিবির এই সিদ্ধান্তের কারণে চট্টগ্রামে বিনিয়োগ-পরিস্থিতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। দেড় মাসের জন্য রাতে সরবরাহ বন্ধের ব্যাপারে তিনি বলেন, ‘দেড় মাস অনেক সময়। এটা চলতে পারে না। আগামীকাল (বুধবার) আমাদের মনোভাব এবং দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে পিডিবিকে চিঠি দেব।’ খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামে বোরো চাষের আওতা বেশি নয়। তা ছাড়া শিল্পকারখানায় সরবরাহ বন্ধ করা হলেও রাতের বেলা গ্রামাঞ্চলে বিদ্যুতের সরবরাহ বাড়েনি। ফলে চট্টগ্রামের শিল্পাঞ্চলে বিদ্যুতের সরবরাহ বন্ধ রাখা হলেও তার সুফল এই এলাকার চাষি কিংবা অন্য গ্রাহকেরা পাচ্ছেন না। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ শাহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাতে এখানে যে বিদ্যুৎ পাওয়া যায়, তা চাহিদার তুলনায় অনেক কম।