চট্টগ্রামে ৫৭ ঝুঁকিপূর্ণ ভবন আট বছরে অপসারণ তিনটি
আট বছর আগে ৫৭টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এসব ভবন ভেঙে ফেলার জন্য তখন সিটি করপোরেশনকে অনুরোধ জানায় সিডিএ। কিন্তু এত বছরে মাত্র তিনটি ভবন অপসারণ করা হয়েছে।
গত সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হওয়ার পর আবার নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। ওই দিন দুপুরে অনুষ্ঠিত করপোরেশনের সাধারণ সভায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সর্বশেষ অভিযান চালায় ২০১৩ সালের সেপ্টেম্বরে। তারপর থেকে এই অভিযান বন্ধ রয়েছে। পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি ও অর্থসংকটের কারণে ভবনগুলো অপসারণ করা যাচ্ছে না বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের জন্য মালিকদের আবারও নোটিশ দেওয়া হবে। তারপরও যদি তাঁরা অপসারণ না করেন, তাহলে করপোরেশন নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
২০০৭ সালে সিডিএর তালিকা অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে আবাসিক ভবন ৩৫টি, শিক্ষাপ্রতিষ্ঠান একটি, আবাসিক ও বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন ভবন ১২টি এবং শুধু বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে এমন ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ৯টি। এর মধ্যে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে নগরের লালদীঘি এলাকার তিনটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়। তিনটি ভবনই বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। বাকি ৫৪টি ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় আড়াই হাজার মানুষ।
সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের পর নগরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ করা হয়নি। তিনি বলেন, সিডিএ অবৈধভাবে নির্মিত ভবনগুলো অপসারণ করতে পারে। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের এখতিয়ার এই সংস্থার নেই।
তবে সিডিএর তালিকার চেয়ে নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেশি হবে বলে মনে করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। তিনি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ করা এবং দ্রুত বাকি ভবনগুলো ভেঙে ফেলার পরামর্শ দেন।
অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, নগরের প্রতিটি ভবন পরীক্ষা করে দেখতে হবে, এগুলো ভূমিকম্প প্রতিরোধী কি না। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৮ দশমিক ৫ মাত্রা ভূমিকম্প হলে চট্টগ্রামের অধিকাংশ ভবন কমবেশি ক্ষতিগ্রস্ত হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের নতুন তালিকা করার জন্য সিটি করপোরেশন ও সিডিএকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে ভূমিকম্প নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালানো হবে। বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, ভূমিকম্প-পরবর্তী সময়ে দুর্যোগ মোকাবিলা করার যন্ত্রপাতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সিডিএর তালিকা অনুযায়ী, নগরের নন্দনকানন এলাকায় চারটি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে পাহাড়িকা বালিকা উচ্চবিদ্যালয় ও কক্সবাজার সমিতি ভবন দুটির অবস্থান পাশাপাশি। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, একটি দ্বিতল ভবনে পাহাড়িকা বালিকা উচ্চবিদ্যালয়ের কার্যক্রম চলছে। নিচতলায় প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন ও প্রশাসনিক কার্যালয়। দোতলা ব্যবহার করছে একটি ধর্মীয় প্রতিষ্ঠান। তবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পাশের আরেকটি একতলা ভবনে (এটি ঝুঁকিপূর্ণ নয়) চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন কিংবা সিডিএ ঝুঁকিপূর্ণ ভবন যদি ভেঙে ফেলে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।’ এই বিদ্যালয়ে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত চার শ ছাত্রী পড়াশোনা করে।
কক্সবাজার সমিতি ভবনে গিয়ে দেখা যায়, দ্বিতল ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। বের হয়ে এসেছে লোহার রড। ভবনের পিলারেও ফাটল ধরেছে। এই ভবনে দুটি পরিবার বসবাস করছে। নিচতলার বাসিন্দা জ্যোৎস্না বেগম দাবি করেন, ভবনটি সংস্কার করায় আগের চেয়ে মজবুত হয়েছে। এখন কোনো ঝুঁকি নেই। দোতলার বাসিন্দা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ভবনের বর্তমান অবস্থা দেখে ভয় লাগে। কখন ভূমিকম্প হয়, এ নিয়ে আতঙ্কে থাকি।’
নগরের ঘাটফরহাদবেগ এলাকায় চারটি ভবন, ফিরিঙ্গিবাজার এলাকার কবি কাজী নজরুল ইসলাম সড়কের পাশে চারটি ভবন, স্টেশন সড়ক এলাকায় তিনটি এবং মধ্যম হালিশহর এলাকার তিনটি ভবনও ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলো আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ঘাটফরহাদবেগের ঝুঁকিপূর্ণ ভবন ‘আফগান’-এ গিয়ে দেখা যায়, দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। খসে পড়েছে পলেস্তারা। নিচতলার গৃহকর্ত্রী মুক্তা বলেন, দ্বিতল ভবনের নিচতলায় দুটি ও দোতলায় দুটি পরিবার বাস করে। একই এলাকার ‘সরকার’ ভবনটিও ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। সম্প্রতি ভবনের নাম পাল্টে ‘চৌধুরী ভিলা’ রাখা হয়েছে। পাঁচতলা এই ভবনে ১০টি পরিবার বসবাস করে।
ভবনের মালিক বিবেকানন্দ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১০ সালে ভবনসহ এই জায়গাটি তিনি কিনে নেন। তিনি বলেন, ‘ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি জানতাম না। সম্প্রতি সিটি করপোরেশনের নোটিশ পাওয়ার পর বিষয়টি জানতে পারি। এখন নিজেদের মধ্যেই ভীতি কাজ করছে। তাই ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দিতে বলেছি।’