‘আসামির রিমান্ড মঞ্জুর হবে না কেন?’
চট্টগ্রামে ৫৮ লাখ টাকার গন্তব্য জানতে চান ভূমি প্রতিমন্ত্রী
চট্টগ্রাম আদালতপাড়া থেকে ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনাকে সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) কার্যালয় পরিদর্শনের পর প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। এ ঘটনার মূল হোতার রিমান্ড মঞ্জুর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘রিমান্ড চাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই দুর্বলতা ছিল। নইলে রিমান্ড মঞ্জুর হবে না কেন? অথচ ওই লোককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হতো। ওই লোককে রিমান্ডে নেওয়ার আবেদন আবার করতে হবে। আমরা টাকার উৎস সম্পর্কে জানতে চাই। ভূমি কার্যালয়ে দালালদের উৎপাত বন্ধ করতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি এবং কোনো দুর্নীতি আমরা বরদাশত করব না।’
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন সরকারের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য কাজ করছি, তখন সরকারের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠা বিব্রতকর। এমনিতে ভূমি নিয়ে দুর্নাম দীর্ঘদিনের। এই দুর্নাম সুনামে পরিণত করার জন্য কাজ করতে হবে।’
১৪ অক্টোবর চট্টগ্রাম আদালতের এনেক্স ভবনের সামনে থেকে ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ ইলিয়াছ ভুইয়া (৩২) নামের এক যুবককে পুলিশ আটক করে। টাকাগুলো জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনার পর ভূমি অধিগ্রহণ শাখার দুজন কানুনগো এবং ১০ জন সার্ভেয়ারকে জেলা প্রশাসন কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জেলা প্রশাসনের এলএ শাখা ঘুরে দেখার পর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ দেন। সেখানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সকাল নয়টা ৫৫ মিনিট থেকে ১০টা ২৯ পর্যন্ত প্রতিমন্ত্রী চট্টগ্রাম পুরোনো আদালত ভবনে ছিলেন।
ভূমি প্রতিমন্ত্রীর পরামর্শের জবাবে বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহ জানান, ৫৮ লাখ টাকার ব্যাপারে আসামির রিমান্ড মঞ্জুর হওয়া বা না হওয়া আদালতের এখতিয়ার। তবে মামলাটি দুদকের কাছে পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য জেলা প্রশাসন কার্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বিভাগীয় কমিশনারের বক্তব্যের জবাবে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের অনেকে বাইরে অবস্থান করেন। অফিস সময়সূচির মধ্যে তাঁরা কেন বাইরে যান এবং কী করেন সে সম্পর্কে কিছু অভিযোগ আমরা শুনি। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সাধারণ লোকজন কেন হয়রানি হবে? শুনেছি ভূমি অধিগ্রহণের চেকের টাকা নিতে এলে কমিশন দাবি করা হয়। এ অভিযোগ আমরা শুনতে চাই না।’