চট্টগ্রামে ৫৯৫টি কেন্দ্র 'ঝুঁকিপূর্ণ'
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি, বয়েজ বোতাম, চকবাজার ও আকবর শাহ থানার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অতীতের সংঘাত, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্রে প্রার্থীদের প্রভাব ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ তালিকা করেছে পুলিশ। অবশ্য পুলিশ ঝুঁকিপূর্ণ কেন্দ্র না বলে এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসেবে আখ্যা দিয়েছে।
২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে ১৩ জন মেয়র পদপ্রার্থী, ২১৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে ৬২ জন প্রার্থী লড়াই করছেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, সাধারণ ও গুরুত্বপূর্ণ—এই দুই ভাগে কেন্দ্রগুলোকে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি টহলে থাকবে। প্রতিটি কেন্দ্রে নেওয়া হবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম স্তরে থাকবে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১০ জন পুলিশ সদস্য। দ্বিতীয় স্তরে আটজন সশস্ত্র ও লাঠিধারী সাতজন আনসার থাকবে। র্যাব ও পুলিশের সার্বক্ষণিক টহল থাকবে তৃতীয় ও চতুর্থ স্তরে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০৭টি নগরের ১৫ থানার মধ্যে এবং ১২টি জেলার হাটহাজারী থানার মধ্যে পড়েছে। নগরের কেন্দ্রগুলোর মধ্যে ৫৯১টি ও হাটহাজারীর ১২টি কেন্দ্রের মধ্যে চারটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানার ৮৪টি, বায়েজীদ বোস্তামীর ৬১, আকবর শাহর ২৭ ও চকবাজার থানার ২৪টির সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ ছাড়া বাকলিয়া থানার ৩৮টি, সদরঘাট থানার ২৫, পাঁচলাইশ থানার ২৬, খুলশী থানার ২৯ ও চান্দগাঁও থানার ৫৭, ডবলমুরিং থানার ৫৫, হালিশহর থানার ৩৮, পাহাড়তলী থানার ৩৪, বন্দর থানার ৩৩, ইপিজেড থানার ৩৬ ও পতেঙ্গা থানার ২৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
গত শনিবার নগরের বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলমের নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়েজীদ বোস্তামীর শেরশাহ, পলিটেকনিক ও অক্সিজেন মোড় এলাকায় উঠতি সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। নির্বাচনে তারা কারও পক্ষে কাজ করতে পারে বলে স্থানীয়দের শঙ্কা।
নগরের পলিটেকনিক এলাকার এক ভোটার গতকাল বলেন, একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ছেঁড়া আকবর কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ভোটকেন্দ্রে যেতে পারব কি না, সন্দেহ। তবে আলী আকবর বলেন, ‘আমি এখন ভালো হয়ে গেছি। আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।’
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমানবাজার এলাকার এক ভোটার বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হবে কি না, শঙ্কায় আছি। নিরাপত্তা পেলে ভোট দিতে যাব। নইলে বাসা থেকেই বের হব না।’
জানতে চাইলে বনজ কুমার মজুমদার বলেন, যেসব এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখানোর শঙ্কা রয়েছে, সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ পাবে না।