চট্টগ্রামে ৬ ফার্মেসিকে জরিমানা
তাঁর এমবিবিএস বা বিডিএস ডিগ্রি নেই। তারপরও তিনি নামের আগে ডা. লিখে রোগী দেখে আসছিলেন। এ কারণে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাংলাবাজারের ছয়টি ওষুধের দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নামের আগে ‘ডা.’ লিখে লাকী ফার্মেসিতে বসে নিয়মিত রোগী দেখে আসছিলেন কামরুল ইসলাম নামের এক ব্যক্তি।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডা. লিখতে পারবেন না। তাই ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিভিন্ন অভিযোগে একই এলাকার ছয়টি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে সরকারি ওষুধ বিক্রির দায়ে মীরা মেডিকেল হলের মালিক ঝন্টু দেকে ৩০ হাজার টাকা এবং ভারতীয় ও চিকিৎসককে দেওয়া নমুনা ওষুধ বিক্রির দায়ে বাবা মালেক শাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স না থাকায় নির্ঝর মেডিকেল হল, পপুলার ফার্মেসি, শাহ আমানত ফার্মেসি ও কাদেরীয়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।