চট্টগ্রামে ৬ মাছ বিক্রেতাকে জরিমানা
রং মেশানো ও ছোট রুই-জাতীয় মাছ বিক্রির দায়ে ছয় মাছ বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার, ফিশারিঘাট ও পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর সূত্র জানায়, ৯ ইঞ্চির চেয়ে ছোট আকারের রুই-জাতীয় মাছ বিক্রির দায়ে ফিশারিঘাটে মো. জসিম ও মো. আলমগীর নামে দুই বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ১৫ কেজি মাছ জব্দ করা হয়। একই অপরাধে পাহাড়তলী বাজারে সাব্বির আহমদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় সাত কেজি মাছ।
এদিকে রিয়াজ উদ্দিন বাজারে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে সামুদ্রিক পোয়া মাছ বিক্রির দায়ে মনসুর আলম, জাকির হোসেন ও নুরুল হক নামের তিন দোকানিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের কাছ থেকে ৩১ কেজি মাছ জব্দ করা হয়। রং মিশ্রিত ক্ষতিকর মাছগুলো ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ৯ ইঞ্চির ছোট রুই-জাতীয় মাছ বিক্রি নিষিদ্ধ। এ ছাড়া মাছে রং মেশানোও দণ্ডনীয় অপরাধ। তাই তাঁদের জরিমানা করা হয়।