চট্টগ্রাম নগরের সাগরিকা শিল্প এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ৬১ হাজার পচা ডিম আটক করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ডিম ব্যবসায়ী নেয়ামত উল্লাহ (৩৫) ও মো. রফিক (৪৮) এবং কাভার্ডভ্যান চালক আইয়ুব আলী (৫০)। আটক ডিমের কাভার্ডভ্যান খোলার পর পচা ডিমের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মামলা হয়েছে। এর আগে গত ২০ মার্চ র্যাব পাহাড়তলী বাজারের কাছ থেকে প্রায় ১২ হাজার নষ্ট ডিমসহ আরও দুজনকে গ্রেপ্তার করে। এসব পচা ডিম চট্টগ্রাম নগরের বিভিন্ন বেকারিতে সরবরাহ করা হয় বলে র্যাব সূত্রে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, গাজীপুরের বিভিন্ন বাচ্চা উৎপাদনকারী খামার (হ্যাচারি) থেকে নষ্ট ডিম সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিভিন্ন বেকারিতে সরবরাহ করা হয়। এ ব্যবসার সঙ্গে চট্টগ্রামের অন্তত চারটি দল জড়িত। তারা প্রতি মাসে ১০-১২ লাখ পচা ডিম চট্টগ্রামের বাজারে সরবরাহ করে। স্বপন ও তৈয়ব নামের দুজনের নেতৃত্বে একটি চক্র গাজীপুরের বিভিন্ন হ্যাচারি থেকে পচা ডিম সংগ্রহ করে সরবরাহের সঙ্গে জড়িত। নেয়ামত ও রফিক জানান, বেকারির পাউরুটি, বিস্কুট ও কেক তৈরিতে এসব ডিম বেশি ব্যবহূত হয়। প্রতিটি পচা ডিম দুই টাকা করে কিনে প্রতিটি ৪০-৫০ পয়সা লাভে পাইকারিভাবে বিক্রি হয়। যাঁরা কিনে নেন, তাঁরা আরও লাভ ধরে বেকারিতে সরবরাহ করেন। রফিক প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে তাঁরা এ ব্যবসা করছেন। ব্যবসা শুরুর সময় তাঁরা মাসে ১৫-২০ হাজার পচা ডিম আনতেন। বাজারে চাহিদা বাড়ায় এখন মাসে ১০-১২ লাখ ডিম আনছেন। গত মাসে একটি পচা ডিমের চালান আটক হওয়ার পর তাঁরা ব্যবসায় হোঁচট খান।রফিক বলেন, নগরের কর্নেলহাটের কাছে জোলারহাটে তাঁর একটি ডিমের দোকান আছে। এর সূত্র ধরে গাজীপুরের পচা ডিম বিক্রির চক্রের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। তিনি বলেন, তাঁর মতো চট্টগ্রামে আরও অন্তত তিনটি দল এভাবে ডিমের ব্যবসা করে। তারা হলো নগরের রৌফাবাদ এলাকার সোনামিয়ার দল, পলাতক গফুরের দল এবং আগের চালানের সঙ্গে আটক আবদুল মতিন (৩২) ও মোজাহের আহমদের (৫৭) দল। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ খান জানান, সোনামিয়া ও গফুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নেয়ামত বলেন, তিনি নগরের কদমতলী মাদারবাড়ীসহ আশপাশের এলাকার বেকারিতে পচা ডিম সরবরাহ করেন। আর সোনামিয়া সরবরাহ করেন অক্সিজেন, রৌফাবাদসহ আশপাশের এলাকায়। তবে সোনামিয়ার সরবরাহ তাঁদের চেয়ে বেশি।রফিক ও নেয়ামত জানান, র্যাবের অভিযানের আগে প্রতি সপ্তাহে তিন-চার গাড়ি (এক গাড়িতে ৫০ হাজার থেকে এক লাখ) ডিম আনা হতো। এখন দুই-তিন গাড়ির বেশি আসে না।পুলিশ জানায়, মাদারবাড়ীর আনন্দ, জনতা, তামান্না, হোসেনসহ বিভিন্ন বেকারিতে এই পচা ডিম সরবরাহ করা হয়। ডিমের গাড়ি নগরে পৌঁছালে মোবাইল ফোনে কোন জায়গায় গাড়ি আছে তা জানিয়ে দেওয়া হয় এবং বেকারির মালিকেরা রিকশাভ্যান, পিকআপ পাঠিয়ে ডিম নিয়ে যায়।