চট্টগ্রামে ৬০০ টেম্পোর রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে চলাচলকারী প্রায় ছয় শ টেম্পোর রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের আঞ্চলিক সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (আরটিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আরটিএর সভাপতি মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। নগরের যানবাহন পরিচালনা ব্যবস্থায় আরটিএ নীতিনির্ধারণী সংস্থা। পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ), সড়ক পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, চেম্বার, বিশিষ্ট নাগরিক, সিটি করপোরেশন এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের প্রতিনিধি নিয়ে এই সংস্থা গঠিত। প্রায় সাত মাস পর আরটিএর এই বৈঠক হলো বলে জানা যায়। বৈঠক সূত্রে জানা গেছে, সময়মতো সরকারি কর না দেওয়া, ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করার কারণে কর্তৃপক্ষ এই সব টেম্পোর (যাত্রী পরিবহন কাজে নিয়োজিত মাঝারি আকারের যানবাহন) রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত নেয়। এসব টেম্পোর জন্য নতুন করে আর কোনো রুট পারমিট ইস্যু করা হবে না বলেও বৈঠকে জানানো হয়।বৈঠকে উপস্থিত মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নগরের যানবাহন চলাচল ব্যবস্থাপনায় টেম্পোর মতো ছোট যানবাহন কিছু সমস্যার সৃষ্টি করছে। এ কারণে আমরা নগর পরিবহন থেকে ছোট যানবাহন বাদ দিয়ে বড় ধরনের গণপরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিই।’বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে টেম্পো-অটোরিকশা জাতীয় যানবাহন ধীরে ধীরে তুলে দিয়ে তার পরিবর্তে বড় বড় যানবাহনের গণপরিবহন ব্যবস্থা চালু করা। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’