চট্টগ্রামে ৬৮৫ ভরি স্বর্ণালংকার চুরি!
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে গোল্ডেন প্লাজা মার্কেটের নিচতলায় ইউনিভার্সেল জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে।প্রায় সোয়া দুই কোটি টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকানের মালিক দাবি করেছেন। গতকাল শনিবার মার্কেট খোলার দিনে ঘটনাটি জানাজানি হয়।খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনার পর থেকে মার্কেটের নিরাপত্তা প্রহরী পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ঈদের বন্ধে এ চুরির ঘটনা ঘটতে পারে। মার্কেট বন্ধ থাকলেও সেখানে কয়েকজন নিরাপত্তা প্রহরী ছিল। প্রহরী বাবুলকে পাওয়া গেলে ঘটনা জানা যাবে। দোকানের মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘ঈদের আগে ১০ সেপ্টেম্বর রাতে মার্কেট বন্ধ হয়। মার্কেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাবুল। শনিবার দুপুরে মার্কেট খোলার পর গেটে তালাসহ সবকিছু স্বাভাবিক দেখা যায়। তবে দোকানের শাটারের নিচের অংশ ফাঁকা ছিল। তালা খুলে দেখি, দোকানের সব তালা ভাঙা।’ তিনি দাবি করেন, দুর্বৃত্তরা সিন্দুক ভেঙে ৬৮৫ ভরি স্বর্ণালংকার এবং পাঁচ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে।তবে নাম প্রকাশ না করার শর্তে কোতোয়ালি থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা চুরির বিষয়ে আমাদের সন্দেহ হচ্ছে। কারণ গত মঙ্গলবার ব্যাংক খুলেছে। ওই দিন কেন সোয়া পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়নি? দুর্বৃত্তরা ধরা পড়লে প্রকৃত ঘটনা জানা যাবে।’