চট্টগ্রামে ৬৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতা

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে এই বৃষ্টিপাত জনসাধারণের দুর্ভোগ বাড়িয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মোট বৃষ্টি হয়েছে ৬৯ দশমিক ৪ মিলিমিটার।
বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, চকবাজার, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এ সময় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফরিদ আহম্মদ বলেন, ‘মৌসুমি বায়ু এখনো সক্রিয় থাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে তা কিছুদিনের মধ্যে বিদায় নেবে। বিদায় নেওয়ার আগমুহূর্তে থেমে থেমে এ ধরনের বৃষ্টি হতে পারে।’
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান ফরিদ আহম্মদ।