বিশ্বজুড়ে রেডক্রসের মানবতা সেবার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার পর চট্টগ্রামে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার থেকে জেলা শিল্পকলা একাডেমীতে তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে ৭১টি আলোকচিত্র স্থান পেয়েছে।
আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। গতকাল সকালে প্রদর্শনীটি উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিআরসির প্রতিনিধিদলের প্রধান (হেড অব ডেলিগেশন) ক্রিস্টিন চিপোলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব (সেক্রেটারী জেনারেল) বি এম এম মোজাহারুল হক, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি শেখ শফিউল আলম ও নগর শাখার সহসভাপতি এম এ সালাম। এ ছাড়া অনুষ্ঠানে রেডক্রসের সহায়তায় পাকিস্তানি বন্দীশিবির থেকে মুক্তিলাভের নিজের অভিজ্ঞতার কথা জানান সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের চট্টগ্রামের উপপরিচালক মাতবর আবুল মোমেন।
আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।