চট্টগ্রামে ৮ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
নামের পাশে এমবিবিএস, এফসিপিএস, এমডি, পিএইচডিসহ নানা ডিগ্রির বাহার। কেউ বলেন, তাঁরা বিদেশ থেকে ডিগ্রি নিয়েছেন। কেউ বলেন, ঢাকার প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন। কিন্তু এসব ডিগ্রি তাঁদের নিজেদেরই দেওয়া। এগুলো স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ নয়।
চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা এ রকম ভুয়া চিকিৎসকে ভরে গেছে। এঁদের বেশির ভাগই নগরের ইপিজেড, বন্দরটিলা, হালিশহর, চান্দগাঁও, কালুরঘাট এলাকায় রোগী দেখেন। কারণ, এসব এলাকায় পোশাকশ্রমিক বা নিম্ন আয়ের লোক বেশি। রোগী দেখার পাশাপাশি তাঁরা ছুটির জন্য বিভিন্ন ধরনের ভুয়া সনদও দেন। সেখান থেকেও আসে টাকা।
গতকাল শনিবার সকালে ওই এলাকাগুলোতেই অভিযান চালায় র্যাব। এ সময় রোগী দেখা অবস্থায় ভুয়া চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশনের (এনএমএ) দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত সাজা দেন।
গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে রয়েছেন এনএমএর সভাপতি এম এইচ কবির ও সাধারণ সম্পাদক এম জি ভূঁঞা। এম এইচ কবির কলসি দিঘি পাড়ে এবং এম জি ভূঁঞা নিউ মুরিং এলাকায় রোগী দেখতেন। অন্যরা হলেন নিউ মুরিং এলাকার এম আর নিজামী, মিস্ত্রিপাড়ার হারুন-অর রশিদ, আগ্রাবাদ ছোটপুল এলাকার অসীম সেন, জামালখানের গোপাল মজুমদার, নয়াবাজারের আর জে সাহা ওরফে জীবন ও পাহাড়তলীর নেপাল দাশগুপ্ত।
আদালত তাঁদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। র্যাব-৭-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নাজমুল হক এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা।
২০১১ সালের ২০ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘চট্টগ্রামে সহস্র ভুয়া চিকিৎসক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নগরের নিউ মুরিং এলাকায় ইউনাইটেড ফার্মেসিতে অন্তত ১০ বছর ধরে রোগী দেখছেন এম জি ভূঁঞা। নামের পাশে এমবিবিএস লাগানো এই ব্যক্তির চেম্বারে তাঁর চেয়ারের পাশে একটি কাগজ টাঙানো রয়েছে। তাতে লেখা, সাধারণ ছুটির সনদ নিতে হলে ৭০ টাকা, ছুটি পাঁচ দিনের বেশি হলে ১০০ টাকা, মাতৃত্বকালীন ছুটির সনদের জন্য ১৫০ টাকা দিতে হবে। এ ছাড়া চাকরির সনদের জন্য ৭০ টাকা দিতে হবে।
জানতে চাইলে এম জি ভূঁঞা বলেন, এখানকার পোশাকশ্রমিকদের বিভিন্ন সময় ছুটির প্রয়োজন হয়। তাঁরা সনদ নিতে আসেন। তাই এটা টাঙানো হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, এভাবে সনদ দেওয়া অপরাধ। তবে নামের পাশে এমবিবিএস লেখা থাকায় নিয়োগ কর্তৃপক্ষ মনে করে, সেটা প্রকৃত চিকিৎসকের সনদ। ওষুধের দোকানে কাজ করতে করতেই এসব ব্যক্তি চিকিৎসক সেজে বসেন। চিকিৎসক না হয়েও তাঁরা এমবিবিএস লিখে রোগী দেখছেন।
ঘরে বসেই এমবিবিএস!: এসব ভুয়া চিকিৎসকের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেই। ঢাকার পিচ ব্লেন্ড নামের একটি অননুমোদিত প্রতিষ্ঠান থেকে তাঁরা ডিগ্রি নেন বলে দাবি করে থাকেন। এ ছাড়া ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের এমবিবিএস ডিগ্রি রয়েছে বলে তাঁরা দাবি করেন।
নিউ মুরিং এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এম আর নিজামী দাবি করেন, তিনি পিচ ব্লেন্ডে পড়ালেখা করেছেন। এটা পাঁচ বছরের কোর্স। কিন্তু সব সময় যেতে হয় না। পিচ ব্লেন্ডের সনদ দেখাতে বললে তিনি ভারতের একটি অখ্যাত প্রতিষ্ঠানের একটি মেডিকেল ট্রেনিং কোর্সের সনদ দেখান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক আহসানুল হক বলেন, দূর শিক্ষণে কোনো এমবিবিএস ডিগ্রি হয় না। এসব ভুয়া চিকিৎসক শ্রমিক-অধ্যুষিত এলাকায় গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তাঁরা নামের পাশে শিশু, হূদেরাগ, প্রসূতি, নিউরো, চর্ম ও যৌন ইত্যাদিতে বিশেষজ্ঞ বলে সাইনবোর্ডে লিখে রেখেছেন।
ব্যবস্থা নিতে গেলে রিটের ভয়: এসব ভুয়া চিকিৎসক হাইকোর্টে একটি রিট করেছিলেন। কেউ ব্যবস্থা নিতে গেলে তাঁরা ওই রিটের ভয় দেখাতেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, রিটের পর ‘তাঁরা কেন রোগী দেখতে পারবেন না’ জানতে চেয়ে হাইকোর্ট সরকারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। এটাকে তাঁরা বলছেন স্থগিতাদেশ।
তবে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অধ্যাদেশ, ২০১০ অনুযায়ী, বিএমডিসির নিবন্ধন না নিয়ে কেউ ব্যবস্থাপত্র লিখতে পারেন না। এ কারণে এই ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।