চট্টগ্রামে ৮.৫ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, চট্টগ্রাম শহরে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এ মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রামের আনুমানিক এক লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে এ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।বিকেল পাঁচটার পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আব্দুর রাজ্জাক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ভূতাত্ত্বিক ও ভবন জরিপ চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পে বন্দরেরও যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জানান, ঢাকা মহানগরের ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে। এরই মধ্যে রাজউক ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করে তা ঢাকা সিটি করপোরেশনে পাঠিয়েছে।শাহ আলমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে ১০ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল এবং এক লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের জানান, অর্থনৈতিক সংকট নিরসনের জন্য সম্প্রতি অপ্রয়োজনীয় ও বিলাসবহুল ৭৯টি পণ্যের ওপর রেগুলেটরি ডিউটি আরোপ করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, সৌদি আরবের নতুন নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট দেশের ২০ শতাংশের বেশি শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। যে কারণে যেসব প্রতিষ্ঠানে ২০ শতাংশের কম বাংলাদেশি রয়েছে, কেবল সেসব প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নেওয়া হচ্ছে।