চট্টগ্রামে ৮০ শতাংশ কেন্দ্র দখলের অভিযোগ খসরুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রই সরকার সমর্থক কর্মীরা দখল করেছেন বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বিএনপি সমর্থক প্রার্থী মনজুর আলমের নির্বাচনী উপদেষ্টা অভিযোগ করেন, ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আওয়ামী লীগের কর্মীরা নগরের সিংহভাগ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বিএনপি সমর্থক প্রার্থীদের পোলিং এজেন্ট ও কর্মীদের হটিয়ে দেওয়া হয়।
আজ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ করেছেন খসরু। চট্টগ্রাম বিএনপির সভাপতি বলেন, ‘এরা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন সাধারণ মানুষ আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।’
বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন তা এখনো জানা যায়নি। জানা গেছে ২-৩ ঘণ্টা পর সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করতে পারে বিএনপি।