ইফতারে অনেকেই খেজুর খেতে পছন্দ করেন। তবে রোজা শুরুর দুই দিন আগে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি হিমাগার থেকে ৮৫ টনেরও বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশ জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। ‘ইএটিসি কোল্ড স্টোরেজ’ নামের হিমাগার থেকে এসব পণ্য জব্দ করা হয়।
মেয়াদোত্তীর্ণ এসব পণ্য শনাক্ত হওয়ার পর সেখানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। হিমাগারের ব্যবস্থাপক এস কে দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং তিন কর্মচারী দোলন বড়ুয়া, মাহবুবুর রহমান ও নাজিমুদ্দিনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর হিমাগারটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশের প্যাকেটে তারিখ পরিবর্তন করে স্টিকার বসিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসব পণ্য ও স্টিকার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম প্রথম আলোকে জানান, হিমাগারে নয়জন মালিকের খেজুর, কিশমিশসহ বিভিন্ন পণ্য রয়েছে। এর মধ্যে নুরুল আলম চৌধুরীর নামে রাখা খেজুর ও খান জাহান আলীর নামে রাখা কিশমিশগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। প্রাথমিকভাবে ৬ হাজার ৪০০ কার্টনের খেজুর এবং ২ হাজার ৬৫ কার্টনের কিশমিশ মেয়াদোত্তীর্ণ শনাক্ত হয়েছে। এর বাইরে আরও দুই হাজার কার্টনের খেজুর মেয়াদোত্তীর্ণ রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খেজুরের প্রতি কার্টনে ১০ কেজি এবং কিশমিশের প্রতি কার্টনে সাড়ে ১০ কেজি পণ্য রয়েছে। তাৎক্ষণিক হিসাব অনুযায়ী, ৬৪ টন খেজুর ও ২১ টন কিশমিশ মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়।
ম্যাজিস্ট্রেট জানান, খেজুরের প্যাকেটে উৎপাদনের মূল তারিখ ছিল ২০১৪ সালের ১ মে। মেয়াদ ছিল এক বছর। এই তারিখ পরিবর্তন করে নতুন স্টিকার বসানো হয়, যেখানে তারিখ লেখা ছিল ২০১৪ সালের ১ সেপ্টেম্বর। অভিযানে এই নতুন বানানো স্টিকারগুলোও জব্দ করা হয়। কিশমিশের প্যাকেটে তিন দফায় তারিখ পরিবর্তন করে স্টিকার লাগানো হয়।
অভিযানের সময় হিমাগারের কর্মচারীরা জানায়, গত বছরের ২২ জুলাই নুরুল আলম নামে এক ব্যক্তি ১৩ হাজার ৩২৯ কার্টন খেজুর আমদানি করে এই হিমাগারে সংরক্ষণ করেছিল। এ বছরের ৩১ মে পর্যন্ত খেজুরগুলো রাখার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্যের মালিকপক্ষ সব খেজুর নিয়ে যায়নি।