চট্টগ্রামে ৯৬৩টি বৈদ্যুতিক পাখা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং মোড়ে গত সোমবার গভীর রাতে কাভার্ড ভ্যানবোঝাই ৯৬৩টি বৈদ্যুতিক পাখা জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শতভাগ রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক পাখার সরঞ্জাম আমদানি করেছিল একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। তবে রপ্তানি না করেই খোলাবাজারে বিক্রির সময় কাভার্ড ভ্যানবোঝাই এসব বৈদ্যুতিক পাখা জব্দ করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, জব্দ করা ভ্যানের চালক আবদুল মজিদ তাঁদের জানান, কর্ণফুলী নদীর পাড়ে খোয়াজনগরের গোল্ডেন সান নামের কারখানা থেকে এসব বৈদ্যুতিক পাখা বগুড়ায় এক ব্যক্তির কাছে নেওয়া হচ্ছিল। গোল্ডেন সানের বৈদ্যুতিক মিস্ত্রি শাহজাহানও বিষয়টি স্বীকার করেছেন।
উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, পাখা রপ্তানির জন্য গোল্ডেন সান শুল্কমুক্ত সুবিধায় সরঞ্জাম আমদানি করেছিল। এখন খোলাবাজারে বিক্রি করে আমদানি পর্যায়ে শুল্ক ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর ফাঁকি দিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।