চট্টগ্রামে 'অরিন্দম উৎসব' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রার চার দশককে স্মরণীয় করে রাখতে নয় দিনব্যাপী ‘অরিন্দম উৎসব’-এর আয়োজন করেছে চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে এ উৎসব।
এবারের উৎসবের স্লোগান ‘ঐক্যের জন্য নাটক’। আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নারীদের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, আজকের উৎসবে নাটকের মাধ্যমে ঐক্যের কথা বলা হয়েছে। এই ঐক্য শুধু সংস্কৃতিকর্মী কিংবা নাট্যকর্মীদের নয়, এটি সমাজের সব শ্রেণির ঐক্য। সমাজ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। তাই সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এবং দেশকে আলোর পথে এগিয়ে নিতে চান, তাঁদের মধ্যে ঐক্য জারি থাকতে হবে।
এই উৎসবের মাধ্যমে নাট্যদল অরিন্দম নতুনভাবে উদ্দীপ্ত হয়ে সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রামেন্দু মজুমদার। তিনি দর্শকদের চাহিদা অনুযায়ী নাটক নির্মাণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বিশ্বে বিভিন্ন সময়ে হানাহানি ছিল। কিন্তু বর্তমান সময়ে হানাহানি এমন পর্যায়ে উপনীত হয়েছে, তাতে মানুষ মর্মাহত হচ্ছে। বিশ্বকে ভারসাম্যহীন করা ফেলা হচ্ছে আজ। তাই এর বিরুদ্ধে ভালো ও রুচিশীল মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, চট্টগ্রামকে আলোকিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অরিন্দম।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘সদরুল স্মারক সম্মাননা পদক’ দেওয়া হয় বিশিষ্ট নাট্যজন সারা যাকেরকে। অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সদরুল পাশার স্মরণে এই পদক প্রবর্তন করা হয়।
আয়োজকেরা জানান, দেশের সাতটি বিভাগের সাতটি নাট্যদল এবারের উৎসবে সাতটি নাটক প্রদর্শন করবে।
অরিন্দমের সভাপতি আকবর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অরিন্দমের সাবেক সভাপতি শিশির দত্ত ও বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল আলম।