চট্টগ্রামে 'আইসক্রিম'-এর বিকল্প প্রদর্শনী চলছে

প্রদর্শনী শুরুর আগে উপস্থাপক চলচ্চিত্রটির নাম এবং গল্প সম্পর্কে দর্শকদের ধারণা দেন। আইসক্রিমকে যেমন একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, তেমনি পারস্পরিক প্রেম-ভালোবাসা-বন্ধুত্বের সম্পর্ককেও পরিচর্যা করতে হয়। নইলে সব সম্পর্ক আইসক্রিমের মতোই গলে যাবে।
গতকাল রোববার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে আইসক্রিম চলচ্চিত্রের পাঁচ দিনব্যাপী বিকল্প প্রদর্শনী শুরু হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা রেদওয়ান রনি।
প্রিমিয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান এবং কবি ও সাংবাদিক ওমর কায়সার। উপস্থিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, চলচ্চিত্রটির প্রধান তিন অভিনয়শিল্পী উদয়, রাজ ও তুষি।
উদ্বোধনী অনুষ্ঠানে সাফিয়া গাজী রহমান বলেন, ‘চলচ্চিত্র জীবনের কথা বলে। আমাদের কথা বলে।’
কবি ওমর কায়সার বলেন, ‘আমাদের চলচ্চিত্রের একসময় গৌরবময় অতীত ছিল। আজ সেখানে ভাটার টান।’ রেদওয়ান রনির মতো নির্মাতাদের হাত ধরে সেই গৌরবময় অতীত আবার ফিরে আসবে এমন আশাবাদ প্রকাশ করেন তিনি।
রেদওয়ান রনি আইসক্রিম-এর বিকল্প প্রদর্শনীর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘আইসক্রিম সারা দেশে মুক্তি পেয়েছে। কিন্তু যারা পরিবেশের কারণে প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী নয়, তাদের জন্য এই বিকল্প প্রদর্শনীর আয়োজন করা।’
১৯ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা, ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় আইসক্রিম-এর প্রদর্শনী চলবে। টিকিট পাওয়া যাবে টিআইসির কাউন্টারে।