চট্টগ্রামে 'টানা পার্টির' তিন সদস্য গ্রেপ্তার
তাঁরা তিনজন। একজন চালকের আসনে। বাকি দুজন যাত্রী বেশে। অটোরিকশায় করে নগরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সুযোগ পেলেই রিকশায় থাকা যাত্রীদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। তাঁরা হলেন মো. ইউসুফ, মো. ফরিদ ও আবুল খায়ের। গত রোববার নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে নগরের হালিশহর, কোতোয়ালি ও চান্দগাঁও থানায় সাতটি এবং আবুল খায়েরের বিরুদ্ধে ডবলমুরিং ও কোতোয়ালি থানায় ছয়টি ছিনতাইয়ের মামলা রয়েছে। ফরিদের মামলার খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গত এক সপ্তাহের মধে৵ নগরের খুলশী ও হালিশহরে চার থেকে পাঁচটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তাঁরা অটোরিকশায় নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, লাভলেইন, হালিশহর, খুলশীসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বলে জানান। সুযোগ পেলেই রিকশায় থাকা যাত্রীদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। এ ক্ষেত্রে তাঁরা দলে একজন দক্ষ চালক রাখেন। চালকের ওপরই তাঁদের টান দেওয়া নির্ভর করে। মূলত এরা ছিনতাইকারী হলেও রিকশায় থাকা যাত্রীদের কাছ থেকে টান দিয়ে ব্যাগ ছিনিয়ে নেন। এ জন্যই এরা টানা পার্টি নামে পরিচিত।
সন্তোষ চাকমা আরও বলেন, গ্রেপ্তার ইউসুফ টানা পার্টির অটোরিকশা চালান। জমি বিক্রি করে তিনি নিজে একটি অটোরিকশা কেনেন। সেটি ছিনতাই কাজে ব্যবহার করছেন। এ জন্য দলে তাঁর কদরও বেশি। বাইরে থেকে গাড়ি ভাড়ায় আনতে হয় না বলে নিজেদের খবরাখবরও পুলিশ সহজে জানতে পারে না। গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।