চট্টগ্রামে 'তঁঅশা' উৎসব শুরু
তথ্যপ্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের কারণে একদিকে লোকসংস্কৃতির নানা উপাদান বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এসব উপাদান সংরক্ষণ ও সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে ‘তঁঅশা’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। সাংস্কৃতিক সংগঠন হাটখোলা এই উৎসবের আয়োজন করে। উৎসবে মৃৎশিল্পের একটি স্টল রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের। এই অঞ্চলের সাংস্কৃতিক জাগরণে ‘তঁঅশার’ মতো উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, হাসিনা জাকারিয়া, হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদ প্রমুখ।
সাংস্কৃতিক আয়োজনে পুঁথি পাঠ করেন পটিয়ার মো. ইসহাক পণ্ডিত ও বোয়ালখালীর আবদুল মালেক পণ্ডিত। কবিগান পরিবেশন করেন পটিয়ার মো. ইউসুফ ও আনোয়ারার আবদুল মন্নান। শেষে শিল্পীরা চট্টগ্রামের আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশন করেন।
বিকেলে উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত সেমিনারে ‘শিক্ষা ও ফোকলোর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাহবুবুল হক এবং ‘বৃহত্তর চট্টগ্রামের সংস্কৃতি: আদিরূপ, ক্রমনবায়ন, বিকৃতি, অবলুপ্তি ও উত্থানের প্রকরণসমূহ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সাংবাদিক সুভাষ দে।
শিক্ষাবিদ হাসিনা জাকারিয়ার সভাপতিত্বে প্রবন্ধ দুটির ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ ও চৌধুরী বাবুল বড়ুয়া।
অধ্যাপক মাহবুবুল হক তাঁর প্রবন্ধে বলেন, ফোকলোর যেকোনো জাতির ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের আগ্রহের বিন্দুতে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের ক্ষেত্রেও ফোকলোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
লেখক ও সাংবাদিক সুভাষ দে বলেন, চট্টগ্রামে আন্তর্জাতিক মানের লোকসাহিত্য ও লোকসাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করতে হবে। এটি আবদুল করিম সাহিত্যবিশারদের নামে হতে পারে। দেশি-বিদেশি গবেষকেরা চট্টগ্রামের সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারা নিয়ে এখানে গবেষণা করতে পারবেন।