চট্টগ্রামে 'নরম' 'গরম' কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংযোগ ও প্রচারণার ক্ষেত্রে গত দুই সপ্তাহ ধরে ‘রক্ষণাত্মক’ কৌশলে চলেছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন নির্বাচনী কৌশলের দিক থেকে অনেকটাই ‘আক্রমণাত্মক’। 
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করা মনজুর আলম গত সোমবার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের পথসভায় বলেন, ‘আমি নিরীহ। আমার প্রতিদ্বন্দ্বী খুব শক্ত। উনার তুলনায় আমি নরম।’ একই দিনে আ জ ম নাছির রেয়াজউদ্দীন বাজার ও স্টেশন রোডের পথসভায় বলেছেন, ‘যেসব কথা বলে গতবার আপনাদের সহানুভূতি আদায় করেছেন, সেসব কথা কি তিনি (মনজুর) রেখেছেন? আবেগ ঝেড়ে ফেলে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন।’
প্রচারণায় মনজুরের রক্ষণাত্মক কৌশলের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রচারণা ও গণসংযোগে মনজুর আলমকে নিরীহ ও নরমপন্থী মনোভাবের দেখাচ্ছে। এর কারণ, এটি তাঁর স্বভাবের বহিঃপ্রকাশ। এটি তাঁর কোনো কৌশল নয়। নরমপন্থী বলে তাঁকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।’
তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জনসংযোগে দুই মেয়র প্রার্থীর প্রচারণার ধরনটাও নির্বাচনী কৌশলের অংশ।
গণসংযোগে ভোট চাইতে গিয়ে নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরছেন চট্টগ্রাম নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করা আ জ ম নাছির উদ্দিন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। নগরবাসীর কাছে তিনি শুধু চাইছেন তাঁর একজন বিশ্বস্ত প্রতিনিধি। সে যোগ্যতায় শীর্ষে রয়েছি বলেই মেয়র পদে প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছেন তিনি। নগরবাসী যদি তাঁর আকাঙ্ক্ষা পূরণ করেন, তাহলে তিনি উন্নয়নের ডালা নগরবাসীর হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবেন না।’
নাছিরের ‘আক্রমণাত্মক’ কৌশলের বিষয়ে চট্টগ্রাম নাগরিক কমিটির কো-চেয়ারম্যান খোরশেদ আলম সুজন বলেন, ‘আ জ ম নাছির উদ্দিন সব সময় দৃঢ়চেতা স্বভাবের। তিনি যা ভাবেন তা জোরালোভাবে তুলে ধরেন। কাজেই প্রচারণায় যে বলিষ্ঠতা ও আক্রমণাত্মক ভঙ্গি দেখছেন, এটি কোনো কৌশল নয়, তাঁর স্বভাবের প্রকাশ।’
দুই প্রার্থীর বিপরীতধর্মী প্রচারণার বিষয়ে গতকাল শুক্রবার সকালে চকবাজার মোড়ে কথা হয় অটোরিকশাচালক আবদুল জলিলের সঙ্গে। তাঁর বক্তব্য, মনজুর আলম ভদ্রলোক ও নরম প্রকৃতির মানুষ। গতবার যখন মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করেন তখনো তিনি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন না।
তবে প্রথমবারের মতো ভোটার হওয়া কাজির দেউড়ির রাশেদুল ইসলাম মনে করেন, নগরপিতা যিনি হবেন তাঁকে তো বলিষ্ঠ হতেই হবে। কারণ, তিনি কী করতে চান, কোন অবস্থা থেকে শুরু করবেন, সেটি স্পষ্ট করে না বললে ভোটাররা কেন তাঁকে ভোট দেবেন?