চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ইয়াবা মামলার আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার মামলার আসামি নিহত হয়েছেন। গত রোববার রাতে চট্টগ্রাম বন্দর-ভাটিয়ারী বাইপাস সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। যে এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে তার আশপাশে জনবসতি নেই।
র্যা ব বলছে, নিহত জাহিদুল ইসলাম ওরফে আলো (৩৫) তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তবে নিহত জাহিদুলের স্ত্রী ও বোনদের দাবি—গত শুক্রবার থেকে জাহিদুল নিখোঁজ ছিলেন। তাঁকে ধরে নিয়ে গুলি করে মেরেছে র্যা ব। গতকাল সকালে তাঁরা জাহিদুলের মৃত্যুর খবর পান।
গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসা থেকে ২ লাখ ১৫ হাজার ইয়াবা বড়ি, অস্ত্র ও গুলিসহ জাহিদুলকে গ্রেপ্তার করে র্যা ব। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়। গত এপ্রিল মাসে জামিনে মুক্তি পান তিনি। এ ছাড়া গত ২৬ জুলাই ৮০ হাজার ইয়াবাসহ তিনজনকে বন্দর নিমতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যা ব। আসামিরা জিজ্ঞাসাবাদে র্যা বকে জানান, এসব ইয়াবা জাহিদুল ঢাকায় পাঠাচ্ছিলেন। এ ঘটনায় বন্দর থানায় জাহিদুলকে আসামি করে মামলা করা হয়। র‌্যাবের দাবি, জামিনে ছাড়া পেয়ে ফের ইয়াবা ব্যবসা শুরু করেন তিনি।
র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, রোববার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দর-ভাটিয়ারী বাইপাস সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি দল অবস্থান করছিল। রাত পৌনে তিনটার দিকে র্যা ব সদস্যরা সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর দেখতে পান একটি মিনি পিকআপের পাশে দাঁড়িয়ে দুই ব্যক্তি ইয়াবা লেনদেন করছেন। র্যা ব সদস্যদের দেখে তাঁরা গুলি ছোড়েন। এ সময় র্যা বও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে দু-তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পিকআপটি নিয়ে দুজনের একজন চট্টগ্রাম শহরের দিকে চলে যান। এ সময় রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা বড়ির প্যাকেট, পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি করে পিস্তল ও রিভলবারের খোসা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তির পকেটে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায় তিনি হালিশহরের জাহিদুল ইসলাম। পরে পুলিশের সহায়তায় জাহিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল মাহমুদ জানান, বন্দুকযুদ্ধের সময় র্যা ব-৭-এর উপসহকারী পরিচালক অসিত কুমার নন্দীর বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি লাগে। চমেক হাসপাতাল তিনি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চমেক হাসপাতাল মর্গের সামনে গতকাল সকালে নিহত জাহিদুলের স্ত্রী ইয়াসমিন আক্তার প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীর এক আত্মীয়ের বাড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাঁর স্বামীকে কে বা কারা ধরে নিয়ে যান। পরে সোমবার সকালে হাসপাতাল থেকে খবর পান তাঁর স্বামী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তাঁর দাবি, র্যা ব জাহিদুলকে গুলি করে হত্যা করেছে। তাঁর স্বামীর কাছে কোনো ইয়াবা ও অস্ত্রও ছিল না।
জাহিদুলের বোন রুমা আক্তার ও রুপা আক্তার দাবি করেন, তাঁদের ভাই ইয়াবা ব্যবসায়ী নন। রিয়াজউদ্দিন বাজারে মুঠোফোনের ব্যবসা রয়েছে জাহিদুলের। দুই বোনের অভিযোগ, র্যা ব বন্দুকযুদ্ধ সাজিয়ে গুলি করে মেরেছে তাঁদের ভাইকে। তাঁরা এর বিচার চান।
তবে র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, ইয়াবার পাশাপাশি চোরাই মুঠোফোনেরও ব্যবসা করতেন জাহিদুল। একসময় দোকানের কর্মচারী থাকলেও ইয়াবা ব্যবসা করে পরে কোটিপতি বনে যান জাহিদুল।