চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' হত্যাসহ ১৬ মামলার আসামি নিহত
চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরমান হাজারী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে চান্দগাঁয় থানাতেই রয়েছে ১৪টি মামলা। গতকাল শনিবার ভোর চারটার দিকে নগরের চান্দগাঁও শমসেরপাড়ার বিল এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘বন্দুকযুদ্ধ’ শেষে পালানোর সময় আরমানের তিন সহযোগী অস্ত্র ও গুলিসহ ধরা পড়েছেন। তাঁরা হলেন দীপু বড়ুয়া, রায়হান উদ্দিন ও নুরউদ্দিন। তাঁদের কাছ থেকে তিনটি এলজি ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে আহত হয়েছেন পুলিশের চার সদস্য। তাঁরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত আরমানের ছোট ভাই মো. নোমান দাবি করেন, আরমান সন্ত্রাসী নন। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই বালুর ব্যবসা করেন। পুলিশের সঙ্গে তাঁর বন্দুকযুদ্ধ হয়েছে কি না জানি না। ভোররাতে গুলির শব্দ শুনেছি। সকালে টিভিতে দেখি ভাই বন্দুকযুদ্ধে মারা গেছেন।’
আরমানদের বাড়ি শমসেরপাড়ায়। তবে শমসেরপাড়ার বিল এলাকার যেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে পুলিশ বলছে, তার আশপাশে কোনো বসতি নেই।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী আরমান তাঁর সহযোগীদের নিয়ে রাতে শমসেরপাড়া এলাকার বিলে অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে আরমান ও তাঁর সহযোগীরা গুলি ছুড়তে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। দুই পক্ষে ১০-১২টি গুলিবিনিময়ের পর আরমানের সহযোগীরা পালাতে থাকেন। পালানোর সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আরমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে আহত চার পুলিশ চান্দগাঁও থানার এসআই মো. নাসিম, এএসআই অর্ণব বড়ুয়া, আতাউদ্দিন ও মনিরুল ইসলাম।
পুলিশের দাবি, আরমান ভারতের কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, আরমান ভারতের কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানে সহযোগী। তাঁর চাঁদাবাজিতে নগরের চান্দগাঁও, আতুরার ডিপো, বহদ্দারহাট ও পাঁচলাইশ এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনেকে ভয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করার সাহস পেতেন না।
চান্দগাঁও থানার পরিদর্শক বলেন, গত ২৮ জুন পাঁচলাইশ চালিতাতলী এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আরমান। এ ঘটনায় পরে তাঁর সহযোগী সাজুকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গত রোববার চান্দগাঁও শমসেরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাসায় চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিক মো. মাহফুজকে গুলি করেন আরমানের সহযোগীরা।