চট্টগ্রামে 'বিট পুলিশিং' চালু
পুলিশি সেবাকে আরও গতিশীল ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য চট্টগ্রাম নগরে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। তারা এলাকার একজন হিসেবে জনগণের কাতারে অবস্থান করে সেবা প্রদান করবেন। যেকোনো প্রয়োজনে জনগণ প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা গ্রহণ করতে পারবে।
আজ রোববার দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিট পুলিশিং চালু করেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
এলাকার জনসংখ্যা, থানার জনবলের সংখ্যা, অপরাধের মাত্রা এবং টহলের জন্য সুবিধাজনক পরিধির ওপর ভিত্তি করে বিট গঠন করা হয়েছে। নগরের কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক ভুইয়ার নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্যকে ওই থানার ইকবাল রোড, ব্রিক ফিল্ড রোড, সতীশ বাবু লেন, মহিম দাশ লেনের দায়িত্ব দেওয়া হয়। এভাবে একজন করে উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে নগরের ১৬ থানাকে ১৪৫টি বিটে ভাগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাইনুল হাসান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রমুখ।
নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ব্রিটিশ আমলেও পুলিশের টহল কার্যক্রম পরিচালনার জন্য শহর এলাকাকে কয়েকটি অংশে বিভক্ত করা হতো, যাকে বলা হতো বিট। প্রতিটি বিটে একজন এসআইকে বিট অফিসার হিসেবে নিয়োজিত করা হয়েছে। তাঁর সঙ্গে একজন এএসআই ও দুই থেকে তিনজন কনস্টেবল রয়েছেন। তাঁরা এলাকার একজন হিসেবে জনগণের কাতারে অবস্থান করে সেবা প্রদান করবেন। যেকোনো প্রয়োজনে জনগণ প্রথমেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা গ্রহণ করতে পারবে। প্রত্যেক বিট অফিসারকে একটি নির্দিষ্ট মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে। বিট পুলিশের সদস্যরা প্রথমেই একটি নাগরিক পরিচিতি ফরম নিয়ে যাঁর যাঁর এলাকায় ঘরে ঘরে যাবেন। আবার সপ্তাহ খানেক পর পূরণ করা ফরমটি নিয়ে আসবেন। ওই ফরমে নাগরিকদের ছবিসহ যাবতীয় তথ্য থাকবে। পরে তথ্যভান্ডার তৈরি করে ব্যক্তি শনাক্তকরণ, অপরাধ প্রতিরোধ এবং প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। এ ছাড়া রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদেরও তথ্যভান্ডার তৈরি করবে পুলিশ।
মো. ইকবাল বাহার আরও বলেন, সাম্প্রতিক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কিছু জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সন্ত্রাসী জঙ্গিরা ভাড়াটে হিসেবে বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাড়ির মালিকেরা তাঁদের ও ভাড়াটেদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখলে প্রকৃত অপরাধীকে সহজে শনাক্ত করা যাবে। কোনো কারণে বিট পুলিশের কাছ থেকে কোনো নাগরিক ফরম না পেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে ফরমটি পূরণের আহ্বান জানান পুলিশ কমিশনার।
বিট পুলিশের কাছে নির্দিষ্ট এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বস্তিসহ বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য থাকার ফলে তাদের সহায়তা প্রদান ও অপরাধ নিবারণে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমবে। এতে পুলিশ-ভীতি দূর হয়ে জনবান্ধব পুলিশিংয়ের সুযোগ সৃষ্টি হবে বলে সংবাদ সম্মেলনে জানান নগর পুলিশ কমিশনার। তিনি জানান, প্রতিটি বিটে জনসাধারণকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে নিয়মিত। সভায় স্থানীয় লোকজনের পরামর্শ গ্রহণ করা হবে।
বিট পুলিশিংয়ে থানার কাজে কোনো অসুবিধা হবে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান নগর পুলিশ কমিশনার। তিনি বলেন, যাঁরা বিটের দায়িত্বে থাকবেন, তাঁদের অন্য মামলার তদন্ত কম দেওয়া হবে। যাঁর যাঁর এলাকা নিয়ে তিনি কাজ করবেন। কেউ ক্ষমতার অপপ্রয়োগ করলেও তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নগর পুলিশের একটি ফেসবুক পেজ খুলে নগরবাসীর অভিযোগ শুনে ব্যবস্থা ও উত্তর দেওয়া হবে।