'ভৌতিক খুনের' ঘটনায় অভিযোগপত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আলাউদ্দিন খুনের মামলায় এক তরুণীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।
আসামিরা হলেন ইয়াসমিন আক্তার, তাঁর স্বামী ইকবাল হোসেন, ইকবালের সৎভাই মো. তৈয়ব ও মো. হেলাল। তা ছাড়া এই মামলায় আলাদা আরেকটি দোষীপত্র দেওয়া হয় মাকসুদ উল্লাহ (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। সে ইকবালের ভাই।

চলতি বছরের ২২ মার্চ বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকায় ভাড়া নেওয়ার কথা বলে একটি বাসায় ঢোকেন এক তরুণীসহ চারজন। বাসা পছন্দ হয়েছে বলে তাঁরা বাড়ির তত্ত্বাবধায়ককে জানান এবং ওই দিন থেকেই সেখানে থাকার আগ্রহ প্রকাশ করেন। এতে রাজি হন তত্ত্বাবধায়ক। এর তিন ঘণ্টার মধ্যে একে একে বাসা থেকে বের হয়ে যান তরুণীসহ তিনজন। চতুর্থজনের (আলাউদ্দিন) লাশ পাওয়া যায় বাসার টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায়। অনেকটা ভৌতিক ছবির খুনের মতো ছিল এ ঘটনা। নিহত আলাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়তেন। এ ঘটনায় আলাউদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে ২৩ মার্চ রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বায়েজীদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন। ওই রাতেই গ্রামের বাড়ি হাটহাজারীর ফতেপুরে পারিবারিক কবরস্থানে আলাউদ্দিনের লাশ দাফন করা হয়।
মামলাটি তদন্ত করেন বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ। আজ আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নিহত আলাউদ্দিনের কাছে ইয়াসমিন প্রাইভেট পড়তেন। এ সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। আরেকজনের সঙ্গে বিয়ের পর ঘটনাটি জানাজানি হলে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। গত বছরের জুলাই মাসে ইকবালের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে আলাউদ্দিন তাঁকে উত্ত্যক্ত করতে শুরু করেন। বিষয়টি স্বামী ইকবালকে জানানো হলে পরিকল্পনা করে আলাউদ্দিনকে খুন করা হয়।
তদন্ত কর্মকর্তা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার আসামি কারাগারে আছেন। তাদের গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। এরপর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে আলাউদ্দিনকে খুন করার কথা স্বীকার করেন। মূলত আলাউদ্দিন ইয়াসমিনকে উত্ত্যক্ত করতেন। এই কারণে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়। পলাতক রয়েছেন শুধু কিশোর আসামি মাকসুদ উল্লাহ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত শিক্ষার্থীর বাবা ও মামলার বাদী মো. শাহ আলম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আসামিদের যাতে শাস্তি হয়। আর কারও ছেলের যাতে এভাবে মৃত্যু না হয়।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, অভিযোগপত্রটি এখনো গ্রহণের শুনানির জন্য তারিখ পড়েনি।