চট্টগ্রামে 'মুক্তিযোদ্ধা শহীদ দিবস' পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার ‘মুক্তিযোদ্ধা শহীদ দিবস’ পালন করেছে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম। এখন থেকে প্রতিবছরের ১৬ জানুয়ারিকে মুক্তিযোদ্ধা শহীদ দিবস পালন করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তারা দিবসটিকে সরকারিভাবে পালনের দাবি জানান। তাঁরা বলেন, ১৯৭২ সালের ১৬ জানুয়ারি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথম শোক দিবস পালন করা হয়। এর পর দিবসটি আর পালন করা হয়নি। বক্তারা বলেন, শহীদদের তালিকা প্রণয়ন করে শহীদ পরিবারের দেখভাল করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্রকে এগিয়ে আসা উচিত।
গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফাহিমউদ্দিন আহমদ, মো. সাহাবুদ্দিন, আহমদ ছফা, নগর আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জাসদ নেতা ভানু রঞ্জন চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির নেতা মোখতার আহমদ, সৈয়দ হাসান রিজভী প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান। ছড়া পাঠ করেন মোদাচ্ছের আলী।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় জাসদ, ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড ইউনিট, পেশাজীবী মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড, হালিশহর দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জিনিয়াস সটুডেন্টস ফোরাম, চারুলতা, স্বাত্ত্বিক, উদয়, সুচয়ন, দাঁড়িকমা, নির্মাণ আবৃত্তি অঙ্গন।