চট্টগ্রামে 'রাজনৈতিক ভূরিভোজের' আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ শনিবার মেজবানি ও ভূরিভোজের আয়োজন করেন। সেখানে দলের হাজার হাজার নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এই আয়োজনকে অনেকে ‘রাজনৈতিক ভূরিভোজ’ বলে মনে করছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল  নোমান  নগরের ব্যঙকুইট কমিউনিটি সেন্টারে চারটি গরু জবাই করে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাবারের মেন্যুতে গরুর মাংস ছাড়াও হরেক রকমের বেগুন দিয়ে রান্না করা শুঁটকির পদ ছিল বিশেষ আকর্ষণ। নোমানের এই আয়োজনে কয়েক হাজার নেতা-কর্মী যোগ দেন। বিএনপির বাইরে অনেক নির্দলীয় লোককেও সেখানে দেখা গেছে।

আবদুল্লাহ আল নোমানের এপিএস নূরুল আজিম বলেন, প্রতিবছর ঈদের পরদিন নোমান আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের এভাবে খাওয়ান।

নগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর বাড়িতে গতকাল রাত থেকেই খাওয়া দাওয়ার আয়োজন করেন। অতিথিদের ভূরিভোজের জন্য সেখানে আড়াই লাখ টাকায় কেনা তিনটি গরু জবাই করা হয়েছে।

আমীর খসরুর  এপিএস মো. সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, খাবারের মেন্যুতে ছিল ভাত, গরুর মাংস ও জর্দা। এই খাওয়া দাওয়া আগামীকাল রোববারও চলবে। 

আওয়ামী লীগের নেতা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের কাট্টলীর বাড়িতেও ছিল ভূরিভোজের আয়োজন। সেখানে হাজার খানেক লোক খাওয়া দাওয়া করে।

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাসায় অন্যান্য বছরের মতো এ বছরও গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়। দুই দশক ধরে ঈদের পরদিন তিনি মেজবানের আয়োজন করে আসছেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।