চট্টগ্রামে 'রানা প্লাজা' দেখতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘চট্টগ্রামে আমরা কোনো “রানা প্লাজা” দেখতে চাই না। এখানে রানা প্লাজার মতো ভবন ধসের ঘটনা ঘটুক, তা আমাদের কারও কাম্য নয়। এ জন্য নির্মাণাধীন ভবনগুলোর ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। চউকের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে এ সংবর্ধনা দেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চউকের পরিদর্শকদের উদ্দেশে বলেন, চট্টগ্রামে নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মিত পরিদর্শন করতে হবে। ভবনগুলো বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করছে কি না তাও খেয়াল রাখতে হবে। শুধু ভবনগুলোতে আসা-যাওয়া করলেন, তাহলে পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব হবে না। অপরিকল্পিত নগরের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। তাই আপনাদের নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে।
চউক চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চউকের বোর্ড সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান ও ইউনুস গণি চৌধুরী, চউক সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রমুখ।
চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, গত পাঁচ বছরে চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ে যেসব প্রকল্প পাঠিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সব কটি অনুমোদন হয়েছে।
চউকের বোর্ড সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মরণে স্মৃতিসৌধ এবং নগরে মাস্টারদা সূর্যসেনের নামে একটি সড়ক নামকরণের দাবি জানান।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরে আসতে সন্ধ্যার পর প্রায় চার ঘণ্টা সময় লাগে। এই সড়কের দুরবস্থার কারণে বিদেশি বিনিয়োগকারীরা নগরে প্রবেশের শুরুতেই হতাশ হয়ে পড়েন। তাই জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার করতে হবে।