চট্টগ্রামে 'লেদার ভিলেজ' গড়ে তোলার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যানারি শিল্পের উন্নয়নে চট্টগ্রাম অঞ্চলে ‘লেদার ভিলেজ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গতকাল রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের নেতারা ও ট্যানারি শিল্প উদ্যোক্তারা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় পবন চৌধুরী বলেন, বাণিজ্যিক নগর হিসেবে ট্যানারি শিল্পের জন্য কোনো বিশেষায়িত অঞ্চল বা ‘লেদার ভিলেজ’ না থাকা দুঃখজনক। এ খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া জরুরি।

মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, সারা দেশের মধ্যে শুধু চট্টগ্রাম অঞ্চল থেকে প্রায় ৩০ শতাংশ চামড়া সংগ্রহ করা হয়। অথচ এ অঞ্চলে ট্যানারি শিল্প খুবই রুগ্ণ অবস্থায় আছে। এ অঞ্চলে ট্যানারি শিল্পের উন্নয়নে শিল্পাঞ্চল গড়ে তোলা হলে এ খাত গতিশীল হবে।

 মতবিনিময় সভায় চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, টিকে ফুটওয়্যার লিমিটেডের পরিচালক মোখলেসুর রহমান, মদিনা ট্যানারির কর্ণধার আবু আহমেদ, আতিক ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।