চট্টগ্রামে ‘স্মৃতি ৭১’ মুক্তিযুদ্ধের বইমেলা শুরু
চট্টগ্রামে ডিসি হিল প্রাঙ্গণে গতকাল শনিবার শুরু হয়েছে আট দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে বলে আয়োজকেরা জানান। ‘স্মৃতি ৭১’ শীর্ষক বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। মুক্তিযুদ্ধ বইমেলার কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এ কে এম নাসিমুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। শওকত আলী বলেন, নতুন প্রজন্মের কাছে বাঙালি, বাংলাদেশ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান শওকত শাহজাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সাংবাদিক আবু তাহের মোহাম্মদ, জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। তাঁকে শহীদ আইভি রহমান সম্মাননা স্মারক তুলে দেন উদ্বোধক অনুপম সেন। আলোচনা সভার আগে জিয়া হায়দার রচিত ‘স্মৃতি ৭১’-এর অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের নাটক পরিবেশন করা হয়। মেলা চলবে ১৭ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত।