চট্টগ্রামেও ক্যাডেট কলেজ ক্লাব চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে বক্তব্য দেন ওফা চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ডা. রমিজ উদ্দিন চৌধুরী
অনুষ্ঠানে বক্তব্য দেন ওফা চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ডা. রমিজ উদ্দিন চৌধুরী

ঢাকার মতো চট্টগ্রামেও ক্যাডেট কলেজ ক্লাব চালুর দাবি জানিয়েছেন প্রাক্তন ক্যাডেটরা। ৯ জুন নগরের হল টোয়েন্টি ফোরে অনুষ্ঠিত মিলনমেলা ও ইফতার মাহফিলে তাঁরা এ দাবি জানান। মিলনমেলায় দেশের ১২টি ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান আয়োজন করে ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন (ওফা) চট্টগ্রাম চ্যাপ্টার।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদারকে আহ্বায়ক করে ক্যাডেট কলেজ ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাঁর নেতৃত্বে পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ক্লাবের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওফা চট্টগ্রাম চ্যাপ্টারের নবনির্বাচিত সভাপতি ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন ওফার সাবেক সভাপতি স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের (ওরকা) সভাপতি সাখাওয়াত হোসেন, চট্টগ্রামের কাস্টমস কমিশনার হোসেন আহম্মদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রতিনিধি বশির আহমেদ, বিএমএর কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির, পাবনা ক্যাডেট কলেজের প্রতিনিধি আলী রেজা, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রতিনিধি তাসনুভা মাহিয়া, এফসিসির ষষ্ঠ ব্যাচের মোহাম্মদ আলী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন ওফার সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, ‘সবাই একসঙ্গে হওয়ার সৌভাগ্য লাভ করেছি আমরা। আজকের এ অনুষ্ঠানের পুরো কৃতিত্ব ওফা চট্টগ্রাম চ্যাপ্টারের। তারা আমাদের এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে।’
ওফা চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় এসে এ ধরনের একটি অনুষ্ঠান উপহার দিয়েছে। এত কম সময়ের মধ্যে দেশের ১২টি ক্যাডেট কলেজের সব পুরোনো ক্যাডেটকে একসঙ্গে বসার চ্যালেঞ্জ আমরা নিয়েছি। আশা করি, এর মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।’ তিনি ঢাকা ক্যাডেট কলেজ ক্লাবের আগামী বার্ষিক সাধারণ সভায় এর শাখা হিসেবে চট্টগ্রাম ক্যাডেট কলেজ ক্লাবের কার্যক্রম পরিচালনার অনুমোদন নেওয়া হবে বলে জানান।