চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসককে বদলির আদেশ
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ শাখা) এস এম আবদুল কাদেরকে অবশেষে বদলি করা হয়েছে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শফিক স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ২৫ নভেম্বরের মধ্যে তাঁকে চট্টগ্রাম ত্যাগ করে মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর ভূমি অধিগ্রহণ শাখার দুই কানুনগোসহ ১২ সার্ভেয়ারকে বদলি করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল সন্ধ্যায় বলেন, ‘দীর্ঘদিন হওয়ার কারণে নিয়মমাফিক অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ শাখা) এস এম আবদুল কাদেরকে চট্টগ্রাম থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।’
আদালত প্রাঙ্গণে ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনার জের ধরে এ বদলি কি না—জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, এ রকম কোনো বিষয় না। নিয়মমাফিক বদলি হয়েছেন।’
তবে এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদেরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা যায়নি।