চট্টগ্রামের অর্ধেক নারী বাল্যবিবাহের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রায় ৫০ শতাংশ নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে। তবে এই অবস্থা সারা দেশে বাল্যবিবাহের গড় চিত্রের চেয়ে কিছুটা ভালো। তবে শিশু জন্মের সময় স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম পিছিয়ে রয়েছে। শিশু ও নারী পরিস্থিতি পরিবীক্ষণ নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হওয়ার হার ৬২ দশমিক ৮ শতাংশ।
বিবিএস ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে ২০ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ওপর এ জরিপ চালায়। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম বিভাগের ফলাফল। ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় বিবিএস এ জরিপ করেছে।
জরিপে দেখা গেছে, ১৮ বছরের নিচে বিয়ের ক্ষেত্রে চট্টগ্রামের অবস্থা অন্যান্য বিভাগের তুলনায় ভালো। বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে ৩৮ দশমিক ৫ শতাংশ। এ ক্ষেত্রে চট্টগ্রামের অবস্থান দ্বিতীয়। এখানে ৫০ দশমিক ২ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে হয়। বাল্যবিবাহ পরিস্থিতি সবচেয়ে খারাপ রংপুরে। এখানে ৭৫ দশমিক ৯ শতাংশ মেয়ে বাল্যবিবাহের শিকার। রাজশাহীতে বাল্যবিবাহের হার ৭২ দশমিক ৮, খুলনায় ৭১ দশমিক ১, বরিশালে ৬৫ দশমিক ৮ এবং ঢাকায় ৬১ দশমিক ৪ শতাংশ।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে আবার বাল্যবিবাহে সবচেয়ে খারাপ পরিস্থিতি লক্ষ্মীপুর জেলায়। এ জেলায় বাল্যবিবাহের হার ৭১ দশমিক ৫। আর সবচেয়ে কম বাল্যবিবাহ হয় চট্টগ্রাম জেলায়। চট্টগ্রাম জেলায় বাল্যবিবাহের হার ৩৮ দশমিক ৭ শতাংশ।
চট্টগ্রাম বিভাগের জরিপের ফলাফলে দেখা গেছে, ১৫ বছরের আগে মেয়েদের বিয়ের হারও অন্যান্য বিভাগের চেয়ে চট্টগ্রামে তুলনামূলক কম। চট্টগ্রামে ১৫ বছরের নিচে বিয়ের হার ১৭ দশমিক ২ শতাংশ। চট্টগ্রামের চেয়ে ভালো অবস্থানে কেবল সিলেট বিভাগ রয়েছে। পুরো বাংলাদেশে এ হার ২৭ দশমিক ২।
বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা বেসরকারি সংগঠন ‘ফাইট ফর উইমেন রাইটস’-এর প্রেসিডেন্ট রেহানা বেগম অবশ্য চট্টগ্রাম বিভাগের তুলনায় চট্টগ্রাম জেলায় বাল্যবিবাহের হার আরও কম বলে মনে করেন। তবে তিনি বলেন, বাল্যবিবাহের হার চট্টগ্রামে তুলনামূলক কম হলেও এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। মানবসম্পদ উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় এটি। মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর বিষয়টিও এর সঙ্গে জড়িত। সে কারণে বাল্যবিবাহ বন্ধ করতে হলে এর কুফল ব্যাপকভাবে প্রচার করা দরকার। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যেও সমন্বয় দরকার।
জরিপের ফলাফলে দেখা গেছে, শিশু জন্মের সময় স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম পিছিয়ে রয়েছে। সাত বিভাগের ক্ষেত্রে চট্টগ্রামের অবস্থান পঞ্চম। চট্টগ্রামের ২৭ দশমিক ১ শতাংশ নারী হাসপাতালে সন্তান প্রসব করেন। ৬৮ শতাংশ নারী সন্তান প্রসব করেন বাড়িতে। তবে শিশুদের দুগ্ধপান পরিস্থিতির উন্নতি ঘটেছে। ৬৯ দশমিক ৪ শতাংশ শিশু জন্মের পরপর মায়ের শালদুধ পান করার সুযোগ পাচ্ছে। ২০০৬ সালে এ হার ছিল ৪৮ দশমিক ৮ শতাংশ।
চট্টগ্রামের ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের সাক্ষরতার হার ৮১ দশমিক ৫ শতাংশ। দেশে এ হার ৮২ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপ্তের হার চট্টগ্রামে ৮০ দশমিক ৮ শতাংশ।
অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন কক্সবাজার জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহেদুর রহমান। চট্টগ্রাম বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক আলাউদ্দিন মজুমদার, ইউনিসেফ চট্টগ্রাম জোনের শিক্ষা কর্মকর্তা লায়লা ফারহানা প্রমুখ।