চট্টগ্রামে বিচারকদের কাছে ঈদকার্ড ও সেমাই পাঠানোর ঘটনায় আইনজীবী সমিতি আজ মঙ্গলবার সভা ডেকেছে। গত রোববার চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ৭০ জন বিচারকের কাছে এ উপহার পাঠান। তবে মহানগর আদালতের হাকিমেরা তাঁর উপহার ফেরত পাঠিয়েছেন। এ ঘটনায় আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেন।
আইনজীবী সমিতি সূত্র জানায়, বিষয়টি আজ সাধারণ সভায় আলোচনা হবে। এ ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার ছাড়া আর কিছু নয় বলে আইনজীবীরা মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক পিপি আবদুস সাত্তার এ ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তারের জন্য উপহার পাঠানো হয়েছে।’
আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের অভিভাবক হিসেবে পেশাজীবীসহ সর্বস্তরের সম্মানিত নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে আসছেন। এর আগেও তিনি বিচারকদের এ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এটা মহিউদ্দিন চৌধুরীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এবার বিষয়টি প্রশ্ন ওঠায় আমরাও কষ্ট পেয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এটি নতুন কিছু নয়, আমি প্রতিবছরই সবার জন্য এ রকম উপহার পাঠাই। আমার বাসায় এলেও কেউ না খেয়ে যেতে পারেন না। ঈদের শুভেচ্ছা পাঠিয়েছি। তা তো অপরাধ নয়। পত্রিকার খবর হওয়ারও বিষয় নয়।’