চট্টগ্রামের আকাশে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর মনোমুগ্ধকর মহড়া

শনিবার। দুপুর সোয়া ১২টা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের পূর্ব দিক থেকে একসঙ্গে উড়ে আসে
লাল-সাদা রঙের নয়টি ছোট বিমান। দেখতে অনেকটা যুদ্ধবিমানের মতো। প্রতিটি বিমানের আকৃতি একই রকম। আকাশে সাদা রঙের ধোঁয়া ছড়িয়ে মুহূর্তের মধ্যে চোখের আড়ালে চলে যায় বিমানগুলো। কিছুক্ষণ পর দৃষ্টিসীমায় এসে আবার আকাশে ধোঁয়া ছড়িয়ে দেয়।
কিছুক্ষণের জন্য মনোমুগ্ধকর দৃশ্যের জন্ম দিয়ে একে একে রানওয়েতে অবতরণ করে বিমানগুলো। আকাশে বিমানগুলোর সম্মিলিত এই মহড়ার পোশাকি নাম ‘ফরমেশন পাস’। নয়টি বিমানই ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর অ্যারোবেটিকস (দক্ষ বিমান চালনা) দলের বিমান। এই দলটি রেড অ্যারোজ নামেও পরিচিত।

বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে বিমানগুলো সরাসরি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোয়া দুই ঘণ্টা অবস্থান করার পর বেলা আড়াইটায় কলকাতার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির টারমাক থেকে জ্বালানি সংগ্রহ করে বিমানগুলো। এ সময় অ্যারোবেটিকস দলের সদস্যরা বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।
অ্যারোবেটিকস দলের অধিনায়ক ডেভিড মন্টিনিয়াগো সাংবাদিকদের বলেন, তিন সপ্তাহ আগেও তাঁরা বিমান নিয়ে ঢাকায় এসেছিলেন। এ দেশের আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। এ ধরনের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর অ্যারোবেটিকস দল প্রতিবছরই বিশ্বব্যাপী এ ধরনের সফর করে থাকে। এবার ১৫টি দেশ সফর করার লক্ষ্য তাঁদের।