চট্টগ্রামের আদালত থেকে পালানো সেই আসামি এক দিন পর গ্রেপ্তার
চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষ থেকে পালিয়ে যাওয়া আসামি আফসার হোসেনকে গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। নগরের কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আফসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি। গত সোমবার তিনি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। সেখানে জামিন বাতিলের আদেশ শুনে তিনি আদালতের পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।আফসার পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দুই কনস্টেবল সাধন কান্তি দাস ও ভুবন চন্দ্র দেবনাথকে ওই দিনই সাময়িক বরখাস্ত করা হয়। এ দুই পুলিশ সদস্য গতকাল কদমতলী এলাকার বাসার সামনে থেকে আফসারকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসেন। পুলিশ সূত্র জানায়, ১৩ মাস আগে ২০১০ সালের মে মাসে ১০ বোতল ফেনসিডিলসহ আফসার গ্রেপ্তার হন। দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। অন্য এক আসামির সঙ্গে তাঁর নাম ও বাবার নামের হুবহু মিল আছে। ওই আসামি আদালত থেকে জামিন পান। জামিনের নথি কারাগারে পৌঁছালে ওই আসামির পরিবর্তে কারাগার কর্তৃপক্ষ ভুলে আফসারকে মুক্তি দেয়।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছারউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আফছার কদমতলী এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে পরিচিত। গত বছরের মে মাসে তাঁকে ১০ বোতল ফেনসিডিলসহ আমি গ্রেপ্তার করি। নাম বিভ্রাটের কারণে ভুলে গত মাসে কারাগার কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়। এ কারণে তাঁকে আমি খুঁজছিলাম।’পুলিশ সূত্র জানায়, আফসার দীর্ঘদিন ধরে কদমতলী এলাকায় মাদক ব্যবসা করছেন। তাঁর এক ভাই ঢাকা থেকে সদ্য প্রকাশিত একটি দৈনিকের ফটো সাংবাদিক। ওই সাংবাদিকও নানা সময়ে মাদক ব্যবসা নিয়ে পুলিশের ওপর প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। কদমতলী ও বরিশাল কলোনিতে মাদকবিরোধী অভিযান হলেই পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি।আফসার গতকাল আদালত ভবনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন ফেনসিডিল না খেলে আমার চলে না। আজ সকালেও (মঙ্গলবার) আধা বোতল ফেনসিডিল ও দুটি ডাল পুরি দিয়ে আমি নাশতা করেছি। সাত-আট বছর ধরে আমি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।’