চট্টগ্রামের আদালতে বাবরের জামিন নামঞ্জুর
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার শুনানির পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম এই আদেশ দেন। এই মামলায় গত বছরের ৩ অক্টোবর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র আটকের সঙ্গে বাবরের সম্পৃক্ততা নেই বলে তাঁর কৌঁসুলি শুনানিতে দাবি করেন। কিন্তু এই যুক্তি আমলে নেননি আদালত। আমরা আদালতে বলেছি, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে বাবর সবকিছু জানতেন। তিনি তাঁদের রক্ষার চেষ্টা করেছেন।’কামাল আরও বলেন, ‘পুলিশের যে দুই সার্জেন্ট ১০ ট্রাক অস্ত্র আটকে সহযোগিতা করেছেন, পরে তাঁদের একে-৪৭ রাইফেল ধরিয়ে দিয়ে ফাঁসানো হয়। বাবরের সময় এ কাণ্ড ঘটেছে। আদালত আমাদের বক্তব্য যুক্তিসংগত মনে করে বাবরের জামিন নামঞ্জুর করেন।’কারাগার সূত্র জানায়, বাবর এখন আর চট্টগ্রাম কারাগারে নেই। কিছুদিন আগে তাঁকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে।১০ ট্রাক অস্ত্র আটক মামলায় প্রথম দফার রিমান্ডে বাবরকে গত ৭ থেকে ১১ নভেম্বর মালিবাগে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয় দফায় গত ১০ ডিসেম্বর তাঁকে আবার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষী বক্তব্য দিয়েছেন। জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে এই মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এই মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন।