চট্টগ্রামের আদিবাসী পোশাক শ্রমিকেরা ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষটির দৈর্ঘ্য ১৫ ফুট। প্রস্থ ১২ ফুট। এই কক্ষেই মেয়ে লাকি ত্রিপুরাকে (পাঁচ) নিয়ে থাকেন বিপুল বড়ুয়া (২৫) ও রেবেকা ত্রিপুরা (২২) দম্পতি। ওই কক্ষে থাকেন আরও দুই আদিবাসী যুবক। কক্ষের এক কোণে একটি বাথরুম। পাশেই রান্নার জন্য একচিলতে জায়গা। বাকি অংশে পাঁচজনের থাকার আয়োজন।চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) সংলগ্ন ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের জাহেদ ভবনের চতুর্থ তলায় থাকে এই পরিবার। বান্দরবানের লামা উপজেলার গজালিয়া থেকে বিপুল ও রেবেকা এখানে আসেন এক বছর আগে। দুজনই সিইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করেন।বেতন ও অতিরিক্ত কাজের মজুরি (ওভারটাইম) মিলিয়ে স্বামী-স্ত্রীর মোট আয় প্রতি মাসে গড়ে ১১ থেকে ১২ হাজার টাকা। ভাগাভাগির ওই কক্ষের মাসিক ভাড়া চার হাজার ৮০০ টাকা। গ্যাস সিলিন্ডার এক হাজার ৭০০ টাকা, খাওয়ার পানি ১৫০ টাকা, বাজার চার হাজার টাকা, যাতায়াত খরচ এক হাজার টাকাসহ মোট খরচ হয় ১১ হাজার ৬৫০ টাকা। মাস শেষে কিছুই থাকে না। অসুখ বা বাড়তি কোনো খরচ থাকলে অন্যের কাছে হাত পাততে হয়।গত মঙ্গল ও বুধবার সরেজমিনে দেখা গেছে, সিইপিজেড-সংলগ্ন বন্দরটিলা, নিউমুরিং, ব্যারিস্টার কলেজ, মাইলের মাথা, সল্টগোলা ক্রসিং, সিমেন্ট ক্রসিং, স্টিল মিল ও ব্যাংক কলোনি এলাকায় আছেন প্রায় ১০ হাজার আদিবাসী নারী-পুরুষ শ্রমিক। ১৯৮৩-৮৪ সালে সিইপিজেড প্রতিষ্ঠার পর থেকেই এসব শ্রমিক চাকরি নিয়ে এ এলাকায় আসতে থাকেন।খোঁজ নিয়ে জানা গেছে, আদিবাসী শ্রমিকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ চাকমা। আছেন মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ। জীবিকার তাগিদেই নগরে ভিড়লেও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়সহ নানা কারণে তাঁরা ভালো নেই। জীবিকার প্রয়োজন মিটলেও জন্মস্থান ছেড়ে আসা এসব আদিবাসীর জীবনযাত্রার কাঙ্ক্ষিত মাত্রায় পরিবর্তন হচ্ছে না।তবু কেন নগরে আসা? এই প্রশ্নের জবাবে বিপুল ত্রিপুরা বলেন, ‘পাহাড়ের চেয়ে এখানে লেখাপড়ার সুযোগ বেশি। লেখাপড়া শিখলে বড় হয়ে মেয়েটা আর আমাদের মতো শ্রমিক হবে না। শুধু এই আশাতেই এত কষ্ট করে এখানে থাকা।’শ্রমিকদের অভিযোগ, এসব এলাকায় বছরে দুবার বাসা ভাড়া বাড়ানো হয়। কিন্তু বেতন সেই অনুপাতে বাড়ে না। যোগ্যতা থাকলেও আদিবাসী শ্রমিকেরা বঞ্চিত হন পদোন্নতি থেকে।১৯৯২ সালে বাঘাইছড়ি চট্টগ্রামে পাড়ি জমান অনুপম চাকমা (ছদ্মনাম)। এর মধ্যে সিইপিজেডের বিভিন্ন কারখানায় চাকরি করেছেন। তিনি বলেন, ‘কাজের ফাঁকে অনেক কষ্টে স্নাতক (পাস) করেছি। ২০ বছর ধরে দেখছি, অন্যরা এসএসসি পাস করে যে পদে কাজ পান, আদিবাসীরা বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়েও তা পান না।’বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা), চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১০ হাজার আদিবাসী সিইপিজেডের বিভিন্ন কারখানায় কাজ করেন বলে আমাদের ধারণা। তাঁরা অত্যন্ত সুশৃঙ্খল। সময়সচেতনতা ও পরিশ্রমের জন্য তাঁদের সুনাম আছে। যোগ্যতা অনুযায়ীই তাঁদের বেতন-বোনাস-ভাতা ও পদোন্নতি দেওয়া হয়। তাঁদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হয় না।’