চট্টগ্রামের আবাসিক হোটেলে ‘অভিজাত’ চার চোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশনের একটি আবাসিক হোটেল থেকে ‘অভিজাত’ চার চোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দরজা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। চার চোরকেই সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া চার চোর হলেন আবদুল জলিল (২৫), মোহাম্মদ রফিক (২২), মোহাম্মদ মনির (২২) ও শরীফুল ইসলাম। তাঁরা সবাই ঢাকা থেকে চট্টগ্রামে এসে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করেন। চট্টগ্রামের বাসাবাড়ি থেকে তাঁরা কেবল স্বর্ণালংকার ও টাকা চুরি করেন। তাঁরা বাসাবাড়ির ভারী কোনো মালামাল চুরি করেন না। এ কারণে তাঁদের ‘অভিজাত চোর’ বলা হয়।নগরের স্টেশন সড়কের হোটেল হার্ট অব সিটিতে অভিযান চালিয়ে এই চার চোরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, একটি স্ক্রু ড্রাইভার, ১৫৫টি ইয়াবা বড়ি, একটি চোরাই মুঠোফোন সেট ও কম্পিউটারের মডেমসহ বিভিন্ন মালামাল।জিজ্ঞাসাবাদে চোরেরা গতকাল শনিবার সাংবাদিক ও পুলিশকে জানান, দিনের বেলায় কেবল তাঁরা চট্টগ্রাম নগরের বাসাবাড়িতে চুরি করেন। তাঁদের দলের সদস্যসংখ্যা চার থেকে পাঁচজন। চট্টগ্রামে এসে বিভিন্ন আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। সকালবেলায় হোটেল থেকে বের হয়ে নগরের বিভিন্ন আবাসিক এলাকায় পৃথকভাবে ঘোরাঘুরি করেন তাঁরা। দারোয়ান নেই এবং নিরাপত্তাব্যবস্থা দুর্বল, এমন বাসাকে চুরির জন্য চিহ্নিত করেন তাঁরা।চোরেরা আরও জানান, যে বাসার দরজার তালা মজবুত, সেই বাসার সামনে নগরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্য সদস্যদের ফোন করে একসঙ্গে জড়ো হতে বলা হয়। মুহূর্তের মধ্যেই অন্যরা সবাই ওই বাসার কাছাকাছি অবস্থান নেন।চুরির বর্ণনা দিয়ে চোরেরা আরও জানান, দুজন বাসার ভেতরে ঢোকেন এবং একজন বাসার মূল ফটকের সামনে এবং অন্যজন আরও একটু দূরে অবস্থান নেন। বাসার সামনে থাকা দুই চোর একটি স্ক্রু ড্রাইভার দিয়ে চার-পাঁচ সেকেন্ডের মধ্যে তালা বা দরজার কড়া ভেঙে দ্রুত বাসার ভেতরে ঢোকেন। এরপর রান্নাঘরে থাকা দা, খুন্তি বা অন্যান্য শক্ত উপকরণ দিয়ে কাঠের বা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুটে নেন। চুরির কাজ সারতে তাঁদের সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগে।কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ এ প্রসঙ্গে বলেন, ‘গৃহকর্তা কর্মস্থলে থাকলে আর গৃহকর্ত্রী বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার পর ওই ধরনের ফাঁকা বাসা চোরদের লক্ষ্যবস্তু থাকে। চট্টগ্রাম নগরে এমন ২০-২২টি বাসা থেকে গ্রেপ্তার হওয়া চোরেরা স্বর্ণালংকার ও টাকা চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরও তথ্য বের করতে আমরা চারজনকেই সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছি।’