চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় আরও পাঁচজন গতকাল সোমবার জামিন পেয়েছেন। তারা সবাই কিশোর। বয়স বিবেচনায় এনে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান গতকাল তাদের জামিন দেন। গত ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সিআরবির সাতরাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আট বছরের শিশু আরমান এবং যুবলীগ নেতা সাজু পালিত গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম ও যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন পুলিশের এক উপপরিদর্শক। পাঁচ কিশোর হচ্ছে সাগর হোসেন (১৫), পিয়াল আইচ (১৬), আবছার উদ্দিন (১৪), আশরাফুল আলম (১৫) ও আশরাফুল হোসেন (১৬)। আদালত যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ আরও ২৪ জনের জামিন গতকাল নামঞ্জুর করেন। আসামিদের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, বাবরসহ সংশ্লিষ্ট আসামিদের জামিন আবেদন করেছিলাম। আদালত বয়স বিবেচনায় শুধু পাঁচ কিশোরের জামিন মঞ্জুর করেন। বাবরসহ ২৪ জনের জামিন আবেদন নাকচ করে দেন।