চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন শুরু
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন গতকাল শুক্রবার শুরু হয়েছে। বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘দ্য ডেইলি স্টার-হেরিটেজ চাঁটিগ্রাম হিস্ট্রি কনফারেন্স’ নামে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। অদম্য চট্টগ্রাম উৎসব সামনে রেখে এর আয়োজন করা হয়।উদ্বোধনী দিনে ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণবীর চক্রবর্তী ‘আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতা’ দেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের শিকড় অনেক গভীরে প্রোথিত। স্বকীয় বৈশিষ্ট্যে আগামী দিনে উজ্জ্বল হয়ে উঠবে চট্টগ্রাম।’বিকেলে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের শিরোনাম ছিল ‘দ্য ডেইলি স্টার-আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক’। অধিবেশনে রণবীর চক্রবর্তী ‘চট্টগ্রাম অ্যান্ড দ্য বে অব বেঙ্গল নেটওয়ার্ক: এ মেরিটাইম প্রোফাইল সি ৫০০-১৫০০ সিই’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত (সুপার নিউমেরিক্যাল) অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।রণবীর চক্রবর্তী বলেন, চট্টগ্রামের ইতিহাস সবকিছু ছাপিয়ে মানুষে মানুষে যোগাযোগের ইতিহাস। জাতিরাষ্ট্র গড়ে ওঠার আগে এ জনপদ গড়ে উঠেছিল পাঁচটি অঞ্চল নিয়ে। সে সময়ের হরিকেল হলো আজকের চট্টগ্রাম।অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী বলেন, চট্টগ্রামের ইতিহাস পর্যালোচনা করতে হবে এর পশ্চাদভূমি ও অগ্রভূমির পটভূমিতে। বন্দরের মাধ্যমে সমগ্র ইউরোপ এসে দাঁড়িয়েছিল চট্টগ্রামে। এ কারণেই পূর্ববঙ্গ বাণিজ্যসমৃদ্ধ একটি অঞ্চল হিসেবে গড়ে উঠেছিল। সমৃদ্ধ ঐতিহ্য থেকেই মাথা তুলে দাঁড়াবে চট্টগ্রাম।বিশেষ অতিথির বক্তব্যে সালাউদ্দিন কাশেম খান বলেন, চট্টগ্রামের ইতিহাস মূলত অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস।স্বাগত বক্তব্যে মাহ্ফুজ আনাম বলেন, ‘১৪০০ বছরের পুরোনো শহর চট্টগ্রাম। এ দেশের সাম্প্রতিক ইতিহাস নিয়ে আমরা গর্বিত হলেও প্রাচীন ইতিহাস অবহেলিত। অদম্য চট্টগ্রাম উৎসবের প্রথম আয়োজন তাই ইতিহাস নিয়ে। চট্টগ্রামের ইতহাস নিয়ে বারবার জনগণের কাছে যেতে চাই।’সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আন্দরকিল্লা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর ড. শামসুল হোসাইন। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সংগীত পরিবেশন করেন ‘রক্তকরবী’র শিল্পীরা।আজ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনটি পৃথক অধিবেশনে প্রাচীন, মধ্যযুগীয় ও ব্রিটিশ শাসন আমলে বাংলার ইতিহাস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ মার্চ নগরে শুরু হবে ১০ দিনের ‘অদম্য চট্টগ্রাম উৎসব’।