চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক মতভিন্নতা ও আঞ্চলিকতার বাইরে এসে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী, সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা। কারণ, বন্দরনগর চট্টগ্রামের উন্নয়ন মানে সারা দেশের উন্নয়ন।
গতকাল শনিবার সংসদ ভবনসংলগ্ন পার্লামেন্ট মেম্বারস ক্লাবে চট্টগ্রাম সমিতির ‘বার্ষিক মেজবান-২০১৪’ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা ওই আহ্বান জানিয়ে এ কথা বলেন।
অনুষ্ঠানে গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, রেলমন্ত্রী মুজিবুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস, সাবেক সচিব আ ম ম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করাসহ ১০ দফা দাবি জানানো হয়। এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল করিম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে এবার পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘চট্টগ্রাম সমিতি পদক’ দেওয়া হয়। তাঁরা হলেন বিজ্ঞান ও গণিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), শিক্ষা ও সাহিত্যে অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, সমাজসেবায় চৌধুরী মোহাম্মদ মহসীন, ক্রীড়ায় আকরাম খান ও সংগীতে আইয়ুব বাচ্চু। সবশেষে চট্টগ্রামের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।