চট্টগ্রামের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উন্নয়নে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। একই সঙ্গে চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করে যেতে হবে।
গতকাল শনিবার নগরের একটি কনভেনশন সেন্টারে ‘সমস্যা ও সম্ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অংশ নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার।
সভায় ব্যবসায়ী নেতারা গ্যাস-বিদ্যুতের সংকট ও জমিস্বল্পতার কারণে ব্যবসায় নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কমানোর ষড়যন্ত্র হচ্ছে কি না, সে নিয়ে উদ্বেগের কথা জানান।
সভায় গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটে চট্টগ্রামের ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে উদ্বিগ্ন। তিনি চট্টগ্রামের গ্যাস-বিদ্যুতের সংকট দূর করতে মাতারবাড়ীতে তাপবিদ্যুৎ প্রকল্প ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্প হাতে নিয়েছেন। দ্রুতই এসব প্রকল্পের কাজ শেষ করা হবে। মন্ত্রী বলেন, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে শিল্পায়নের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গঠন করেছে। এর আওতায় চট্টগ্রামে মিরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল করা হবে। এসব জায়গায় শিল্পকারখানা করে ২০ লাখ লোকের কর্মসংস্থান করা হবে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, যত দিন পর্যন্ত জাতীয় বাজেটে চট্টগ্রামের জন্য আলাদা খাত তৈরি করা না হবে, তত দিন পর্যন্ত কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান যুগে ‘নিড বেইসড’ (প্রয়োজনভিত্তিক) বাজেট প্রয়োজন। যাতে সিডিএ, সিটি করপোরেশন যার যার প্রয়োজনমতো খরচ করতে পারে। এ ছাড়া সব সংস্থা যদি সমন্বিত পরিকল্পনা না করে, তাহলে বিচ্ছিন্ন উন্নয়নের ফল ভোগ করা যাবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। তার আগে চট্টগ্রামের মন্ত্রীরা বসে অগ্রাধিকার ঠিক করা হবে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় গ্যাসের বিষয়ে মনোযোগ দেয়নি। তখন তারা এ নিয়ে পরিকল্পনা করলে এখন গ্যাসের সংকট তৈরি হতো না। বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে, গ্যাস-সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের সমস্যাগুলো কী কী, এ বিষয়ে সবাই একমত। তবে সমাধানের পথ খোঁজার সময় কখনো কখনো মতদ্বৈততা দেখা যায়। অতীতে বিভিন্ন সরকারে চট্টগ্রামের নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদে ছিলেন, কিন্তু চট্টগ্রামের উন্নয়নের কাজে তাঁদের মধ্যে সমন্বয় ছিল না। এখন চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, আগামী কয়েক বছরের মধ্যে শুধু বাংলাদেশের পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলার হবে। এ জন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে যত দ্রুত সম্ভব গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে।
আলোচনা সভার শুরুতে চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে সম্মাননা জানানো হয়।