চট্টগ্রামের উন্নয়নে নতুন সেতুর প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে কর্ণফুলী নদীর ওপর নতুন সেতু নির্মাণে অর্থ বরাদ্দের জন্য সংসদে জোরালো দাবি তুলবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
মঈন উদ্দীন খান বলেন, ‘বাস্তবতা বিবেচনা করে চট্টগ্রামের উন্নয়নে নতুন সেতু নির্মাণসহ সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে আমি আশা করি।’
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডে বিজেএমসি রেস্ট হাউসে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংসদ মঈন উদ্দীন খান এ আশ্বাস দেন।
মঈন উদ্দীন খান বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু বর্তমানে কালুরঘাট সেতুর যা অবস্থা তার ওপর দিয়ে দ্রুতগতিতে রেল চালানো যাবে না। রেললাইন করতে হলে অবশ্যই কালুরঘাট সেতু নির্মাণ করতে হবে।
মতবিনিময় সভায় বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম, সদস্যসচিব রমেন দাশ গুপ্ত, জ্যেষ্ঠ সদস্য এম এ মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।