চট্টগ্রামের উন্নয়নে যাত্রা শুরু করেছে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ
চট্টগ্রামকে আন্তর্জাতিক নগরে রূপান্তরের লক্ষ্যে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ গতকাল রোববার যাত্রা শুরু করেছে। প্রাথমিকভাবে অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা, নগর পরিষেবা, শিক্ষা ও ঐতিহ্য—এ চারটি বিষয়ে গবেষণা চালানো হবে।গবেষণায় পিপিআরসিকে সহায়তা করছে এ কে খান ফাউন্ডেশন। গতকাল দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে পিপিআরসি এবং এ কে খান ফাউন্ডেশনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সভাপতি সালাউদ্দিন কাশেম খান চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হোসেন জিল্লুর বলেন, এই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য চট্টগ্রামকে ‘বৈশ্বিক নগর’-এর স্বপ্ন অর্জনে সুনির্দিষ্ট ও জ্ঞানভিত্তিক পরামর্শ দেওয়া। গবেষণাকে সফল করে তুলতে শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সালাউদ্দিন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. মনজুর আলম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর জামাল নজরুল ইসলাম, মোহাম্মদ সিকান্দর খান, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সৈয়দ মাহমুদুল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমুখ।